বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। গতকাল সোমবার রাতে তিনি ইত্তেফাককে জোট ছাড়ার সিদ্ধান্ত জানান। পরে পার্থর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জোট ছাড়ার কারণ ব্যাখ্যা করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১৯৯৯ সাল থেকে চার দলীয় জোটে এবং পরবর্তীতে ২০ দলীয় জোটে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার পর থেকে ২০ দলীয় জোটের রাজনৈতিক কর্মকাণ্ড ক্রমশই স্থবির হয়ে পড়ে। ২০১৮ সালে ৩০ শে ডিসেম্বর-এ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পূর্বে এবং পরবর্তীতে সরকারের সাথে সংলাপসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে ২০ দলীয় জোটের বিএনপি ছাড়া অন্য কোনো দলের সম্পৃক্ততা ছিল না। কেবল মাত্র সংহতি এবং সহমত পোষণের নিমিত্তে ২০ দলীয় জোটের সভা ডাকা হতো।
বিবৃতিতে আরো বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের প্রহসনের ও ভোট ডাকাতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ২০ দলীয় জোটের সবার সম্মতিক্রমে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করা হয়। কিন্তু পরবর্তীতে প্রথমে ঐক্যফ্রন্টের দুইজন এবং বিএনপির সম্মতিতে বিএনপির চারজন সংসদ সদস্য শপথ নেওয়ায় দেশবাসীর মতো বিজেপিও হতবাক। শপথ নেওয়ার এই সিদ্ধান্তের সঙ্গে বিএনপি ছাড়া ২০ দলের অন্য কোনো দলের কোনো সম্পৃক্ততা নেই।
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মনে করে এই শপথের মাধ্যমে বিএনপি এবং ঐক্যফ্রন্ট ৩০ শে ডিসেম্বরের প্রহসনের নির্বাচনকে প্রত্যাখ্যান করার নৈতিক অধিকার হারিয়েছে। এমতাবস্থায় ২০ দলীয় জোটের বিদ্যমান রাজনীতি পরিস্থিতি বিবেচনা করে বিজেপি ২০ দলীয় জোটের সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসছে।
প্রসঙ্গত: আন্দালিব রহমান পার্থ প্রয়াত সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির নেতা নাজিউর রহমান মঞ্জুর ছেলে। তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো বোন। প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলালের মেয়ের জামাতা তিনি। তবে আত্মীয়তার সূত্রে বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও তিনি বরাবরই বিএনপি জোটে সক্রিয় ছিলেন।
