টাকা আদায়ে মনমোহনকে প্রচ্ছন্ন হুমকি মমতার

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২০:৩১
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে প্রচ্ছন্ন হুমকি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার দিল্লি যাওয়ার আগে মহাকরণে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতি বঞ্চনা নিয়ে শেষবারের মতো প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইব। সুবিচার না পেরে পরবর্তী পদক্ষেপ ঠিক করব। আগের দিনই কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ সময়ে পঞ্চায়েত ভোট না হলে গ্রামীণ উন্নয়নের টাকা দেয়া বন্ধ হয়ে যাবে বলে হুমকি দিয়েছিলেন। এদিন পাল্টা তোপ দেগে মমতা বুঝিয়ে দিলেন, রাজ্যের প্রতি আর্থিক বঞ্চনা নিয়ে তিনি এবার দিল্লি সফরে কোমর বেঁধে লড়াই করবেন।—খবর বর্তমান পত্রিকার। মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেছেন, জঙ্গলমহলের জন্য বরাদ্দ চাল দেয়া কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। প্রসঙ্গত ক্ষমতায় এসে জঙ্গলমহলের সমস্ত আদিবাসীকে দু’টাকা কেজি দরে চাল দেয়ার কাজ শুরু করেছিলেন মমতা।