‘ভারতে প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন’

আপডেট : ০৭ মে ২০১৯, ০০:৫৮

ইত্তেফাক ডেস্ক

ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন। এই সিদ্ধান্তের কথা জানিয়ে গতকাল বিবৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট নিযুক্ত বিচারপতিদের প্যানেল। বিচারপতি এসএ ববদে, বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি ইন্দু মালহোত্রার এই প্যানেল একইসঙ্গে জানিয়েছে, তদন্ত রিপোর্ট জনসমক্ষে আনার বাধ্যবাধকতা নেই বলে তা প্রকাশ করা হবে না। এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন অভিযোগকারী। প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগকারী নারী প্যানেলের তদন্ত থেকে গত মঙ্গলবার সরে দাঁড়িয়েছিলেন। তবে প্রধান বিচারপতি পরের দিন বুধবার প্যানেলের মুখোমুখি হয়েছিলেন। এর আগে ওই নারীর আপত্তিতে প্যানেলের একজন বিচারপতিও পরিবর্তন করেছিল সুপ্রিম কোর্ট। গত মাসে প্রধান বিচারপতির বিরুদ্ধে প্রথম এই অভিযোগ সামনে আসে। -এনডিটিভি