পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া লাশ আর রক্তের ওপর পা রেখে ক্ষমতায় যেতে চান। জনগণের ম্যান্ডেট নিয়ে আর ক্ষমতায় যেতে পারবেন না বলেই তিনি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছেন। বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জাতিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার মতিঝিলে জনতা ব্যাংকের সামনের রাস্তায় যুবলীগ আয়োজিত হরতাল বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, হেফাজতে বিএনপি-জামায়াত অনুপ্রবেশ করেছে। তারা যে কোন উপায়ে দেশে শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করতে চায়।
যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল ইসলাম খান নিখিল, দক্ষিণ সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম আরিফ প্রমুখ।
