আইটি খাতে অর্থায়ন বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২১:২৫
তথ্যপ্রযুক্তি বিশেষ করে সফটওয়্যার খাতে বিনিয়োগ ঝুঁকি হ্রাস করে অর্থায়ন বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ ঝুঁকি চিহ্নিত করে এ খাতে ব্যাংকিং অর্থায়ন পদ্ধতি ঠিক করতে একটি গাইডলাইন তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে ‘কমিটি ফর আইটি বেসড্ এসএমই ফাইন্যান্সিং নামে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ ব্যাংক ছাড়াও বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), তফসিলী ব্যাংক, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ রয়েছেন। কমিটি তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ ঝুঁকি চিহ্নিত করে আইটি ফার্মগুলোকে রেটিংয়ের আওতায় আনবে। যাতে ব্যাংকগুলো আইটি ফার্মগুলো সম্পর্কে একটি ধারণা পেতে পারে। এতে ঝুঁকি বিবেচনায় নিয়ে কোন ফার্মে অর্থায়নের বিষয়ে ব্যাংকের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। পাশাপাশি তারা বিনিয়োগ ঝুঁকি হ্রাসে আইটি ফার্মের ঋণের বিপরীতে গ্রান্ডি নির্ধারণের বিষয়েও সিদ্ধান্ত নেবে। বেসিস যে কোন ফার্মের ঋণের বিপরীতে গ্রান্টার থাকবে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশ্যাল প্রোগ্রামস্ বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী বলেন, ‘তথ্যপ্রযুক্তি বিশেষ করে সফটওয়্যার একটি ইনটেলেকচ্যুয়াল প্রোপার্টি। এর পুরো বিষয়টি নির্ভর করে সংশ্লিষ্ট প্রকৌশলীর ওপর। প্রকৌশলী যে কোন সময় ওই ফার্ম ত্যাগ করলে তখন পুরো অর্থায়ন ঝুঁকির মধ্যে পড়ে যায়। এ কারণে ব্যাংকগুলো এ খাতে অর্থায়নে আগ্রহী হয় না।’ ঝুঁকি হ্রাস করে কিভাবে অর্থায়ন বাড়ানো য়ায়, সেই কার্যপদ্ধতি বের করতে কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান। এই কমিটি সফটওয়্যারের ইউনিফর্ম মূল্যায়ন পদ্ধতি বের করতেও কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।