রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে চান একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপি। গতকাল মঙ্গলবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এর কার্যক্রম শেষে এজলাস থেকে বের হওবার সময় তিনি উপস্থিত আসামিপক্ষের আইনজীবী ও সাংবাদিকদের সামনে একথা বলেন।
সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, ওয়ার্কার্স পার্টির নেতা মেনন নাকি বলেছেন, আমি হেফাজতে ইসলামকে টাকা দিয়েছি সমাবেশ করার জন্য। আরে হেফাজতে ইসলামকে আমি টাকা দিতে যাবো কেন? হেফাজতে ইসলামকে হেফাজত করবে আল্লাহ। তিনি বলেন, আমি আজ কিছু খাইনি। আমার পরিবার থেকে জুস এবং বিস্কুট দিয়েছিলো কিন্তু রেজিস্ট্রার আমাকে তা কারাগারে নিতে দেয়নি। আমার সাথে অন্যায় আচরণ করা হচ্ছে। তিনি বলেন, আমি শুধু হেফাজতের কারণে চুপ করে আছি।
এদিকে সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গতকাল রাষ্ট্রপক্ষের ২৫তম সাক্ষী আবু তাহের চৌধুরী ও ২৬তম সাক্ষী মো. সোলায়মানকে আসামিপক্ষের জেরা শেষে আগামী ১৭ এপ্রিল ২৭তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
অন্যদিকে একই ট্রাইব্যুনালে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন আগামীকাল ১১ এপ্রিল বৃহস্পতিবার পুনঃনির্ধারণ করা হয়েছে। গতকাল গোলাম আযমের পক্ষে ১২তম দিনের আসামিপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাকের আইনি পয়েন্টে যুক্তিতর্ক উপস্থাপনের কথা ছিলো। কিন্তু গতকাল হরতাল থাকায় তিনি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না। ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যারিস্টার রাজ্জাকের পক্ষে সময় চেয়ে আবেদন করেন জুনিয়র আইনজীবী অ্যাডভোকেট রায়হান উদ্দিন। পরে ট্রাইব্যুনাল ১১ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেন।
