ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ এবং তার সহকারী কোচ রেনে কেস্তার জুনের পরিবর্তে মে মাসে ঢাকায় এসে বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব নিতে রাজি হয়েছেন।
জাতীয় ফুটবল দল লন্ডনে ১ ও ৭ জুন ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে ফিফা স্বীকৃত প্রীতিম্যাচ খেলবে। এর জন্য ১৫ দিনের প্রস্তুতি দরকার। ডাচ কোচরা খেলা দুটির জন্য দুই সপ্তাহের ক্যাম্প চালাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাথে একমত হয়েছেন। গতকাল গুলশানের একটি হোটেলে কোচদের সাথে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন এবং সহ সভাপতি কাজী নাবিল আহমেদের সাথে বৈঠক হয়। সেখানে চূড়ান্ত হয়েছে লন্ডন সফরের জন্য ডাচ কোচরা মে মাসের মাঝামাঝি ঢাকায় এসে প্রশিক্ষণ শেষে দল নিয়ে লন্ডন যাবেন।
সেখান থেকে ডাচ কোচরা নিজেদের দেশে ফিরে যাবেন। এরপর জুলাইয়ে কোচদ্বয় দুই বছরের চুক্তিতে তাদের পরিবারসহ ঢাকায় আসবেন। নেপালে চ্যালেঞ্জ কাপ ফুটবলের বাছাই পর্বের জন্য তাদের সাথে যেভাবে চুক্তি হয়েছিল বাফুফের, এবারও লন্ডন সফর নিয়ে তাই হতে যাচ্ছে। বাফুফে থেকে এ তথ্য জানা গেছে। এ জন্য তাদের পুরো এক মাসের বেতন ও সুযোগ সুবিধা দিতে হবে। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন লন্ডন সফরটিকে গুরুত্ব দিয়ে দেখছেন।
ক্রুইফের সহকারী রেনে কেস্তার আজ রাতে দেশে ফিরছেন। ক্রুইফ ফিরবেন রবিবার রাতে। গতকাল সারাদিন ক্রুইফ এবং রেনে কেস্তারের স্ত্রী রাজধানীর অভিজাত পাড়ায় অবস্থিত হাসপাতালগুলোতে গিয়েছিলেন। সেখানকার চিকিত্সা ব্যবস্থা কেমন তা জানতে খোঁজ-খবর নিয়েছেন। তাতে সন্তুষ্ট হয়েছেন বলে জানা গেছে। গুলশানের দুই নম্বর সার্কেলে কোচদের পছন্দ অনুযায়ী ডাচ দূতাবাসের কাছাকাছি ফ্ল্যাট ভাড়া নেয়া হয়েছে।
