মারিও বালোতেল্লির ‘ব্যাড বয়’ ইমেজ বেশ পুরনো। মাঠের নৈপুণ্যের চেয়ে অখেলোয়াড়সুলভ আচরণের জন্যই বেশি খবর হন এই ইতালিয়ান ফুটবলার। এবার সিরিএ তে ম্যাচ শেষে সহকারী রেফারীকে অপমান করার জন্য তিন ম্যাচে নিষিদ্ধ হলেন এসি মিলানের স্ট্রাইকার মারিও বালোতেল্লি। গত রবিবার ফিওরেন্টিনার বিপক্ষে ম্যাচের পর এই ঘটনা ঘটে। যদিও ২-২ গোলের ড্র হওয়া ম্যাচটিতে মৌসুমের চতুর্থ হলুদ কার্ড পাবার কারণে পরবর্তী ম্যাচে এমনিতেই বহিষ্কৃত ছিলেন বালোতেল্লি। ম্যাচ শেষে একজন সহকারী রেফারীকে অপমান করায় এই শাস্তির মাত্রা আরো দুই ম্যাচ বেড়েছে। আর তাই নাপোলি, জুভেন্তাস এবং কাতানিয়ার বিপক্ষে মিলানের তিনটি ম্যাচে দর্শক হয়েই কাটাতে হবে ইতালীয় এই স্ট্রাইকারকে। ২০১৩ সালে দেশ এবং ক্লাবের হয়ে ১১ ম্যাচে ১০ গোল করেছেন বালোতেল্লি। সিরিএ‘র পয়েন্ট টেবিলে নাপোলির থেকে চার পয়েন্ট পিছনে থেকে তৃতীয় স্থানে রয়েছে মিলান। আর লিগ টেবিলের শীর্ষে থাকা জুভেন্তাস নয় পয়েন্টে এগিয়ে রয়েছে।
