বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, নিম্ন আদালত ক্ষমতাসীন দলের আজ্ঞাবহ হয়ে বিচার কাজ করছে। বর্তমান সরকার ক্ষমতায় এসে দেশের মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগকে বিশেষ করে নিম্ন আদালতকে দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। বার কাউন্সিলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গতকাল বুধবার তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে তিনি দলীয় রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে বিচারকদের দায়িত্ব পালনের আহবান জানান।
খন্দকার মাহবুব হোসেন বলেন, আমাদের দুর্ভাগ্য নিম্ন আদালতের বিচারকরা স্বাধীনভাবে বিচার করার যে দায়িত্ব সংবিধান তাদের দিয়েছে, সেই দায়িত্ব পালন না করে কোন কোন ক্ষেত্রে ব্যক্তির স্বার্থে ক্ষমতাসীন দলের আজ্ঞাবহ হয়ে বিচার কাজ পরিচালনা করছে। তিনি বলেন, বর্তমান সরকার যে কোন উপায়ে ক্ষমতাকে ধরে রাখতে সকল রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেয়ার এক অশুভ প্রচেষ্টায় আইন-শৃংঙ্খলা বাহিনীকে তাদের নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। তাদের দ্বারা নির্বিচারে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে। বর্বরতার চরম নিদর্শন স্বরূপ সরাসরি গুলি করে রাজপথে প্রতিবাদকারী মানুষকে হত্যা করছে।
তিনি আরো বলেন, পুলিশ মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার মানুষকে গ্রেফতার করছে এবং নিম্ন আদালতের বিচারকদের অবিচারিক মনোভাবের কারণে রিমান্ডে নিয়ে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। আমাদের আদালতের বিচারকরা অজ্ঞাত কারণে এমন বর্বর আচরণ প্রশ্রয় দিচ্ছেন। আজকে যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে এর জন্য চরম মূল্য শুধু ক্ষমতাসীন দলকেই দিলে হবে না, এই অশুভ কর্মকাণ্ডের সহযোগী ভূমিকায় যারা জড়িত থাকবেন বা আছেন তাদেরও দিতে হতে পারে।
