যুক্তরাষ্ট্রের অনুমতিহীন শ্রমিকেরা দেশজুড়ে মিছিলে যোগ দিয়ে কংগ্রেসের কাছে আহ্বান জানিয়েছেন অভিবাসন আইন পুনর্গঠনের। খবর বিবিসি ও আল জাজিরার।
এই আইনটি পাস হলে এক কোটিরও বেশী অবৈধ অভিবাসীর মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ তৈরি হবে। খবর বিবিসি ও আল জাজিরার। ওয়াশিংটনে জড়ো হয়েছিলেন হাজার হাজার অভিবাসী এবং আন্দোলনকারী। একই রকম জমায়েত ছিল অন্যান্য শহরেও। আন্দোলনকারীরা বলছেন আরও আঠারোটি অঙ্গরাজ্যেও একই ধরনের শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আইন-প্রণেতারা নতুন এই আইন প্রণয়নের দ্বারপ্রান্তে রয়েছে। যাতে থাকবে সীমান্ত-জুড়ে কড়াকড়ি আরোপ এবং একই সাথে হাজার হাজার অবৈধ অভিবাসীকে বৈধ করে নেয়া, যার ফলে দেশটির এক কোটি দশ লাখ অবৈধ অভিবাসীর নাগরিকত্ব পাওয়ার পথ সুগম হবে। অতীতেও আমেরিকার অভিবাসন আইন পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমেল ২০০৭ সালে আইন প্রণেতারা এ ব্যাপারে বেশ এগিয়ে গেলেও কাজটি শেষ করতে পারেননি। প্রেসিডেন্ট ওবামা তার ক্ষমতার দ্বিতীয় মেয়াদে এই ইস্যুটিকে রেখেছেন বিশেষ প্রাধান্যের তালিকায়। নতুন আইনে সীমান্তে কড়াকড়ি আরোপ, বিশেষ করে মেক্সিকো সীমান্তের পুরোটা জুড়ে কঠোর নজরদারীর প্রস্তাব রয়েছে, তবে এতে রিপাবলিকানদের সমর্থন আদায় কঠিন হবে। আইনের যারা বিরোধিতা করছেন তাদের এই যুক্তিও রয়েছে যে, অবৈধ অভিবাসীদের বৈধ করে নিলে আমেরিকান নাগরিকরা কর্মক্ষেত্রে বঞ্চিত হবে। আর যারা এই আইনের সমর্থন করছেন তাদের যুক্তি, এই ধরনের অনুমোদনহীন শ্রমিকেরা এমন সব কাজ করেন যেগুলো সাধারণ আমেরিকানরা করতে চান না, সেই সাথে তাদের কাছ থেকে করও পাওয়া যাবে।
