ক্রিস গেইলের আরেকটি দুর্দান্ত ইনিংসের কল্যানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) নিজেদের তৃতীয় জয়টি তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গেইলের ৫০ বলে করা অপরাজিত ৮৬ রানের কল্যানে দিনের প্রথম ম্যাচে গতকাল বৃহস্পতিবার তারা আট উইকেটে হারিয়েছে শিরোপাধারি কলকাতা নাইট রাইডার্সকে।
সফরকারি কলকাতার ১৫৪ রানের জবাবে ব্যাটিংয়ে নামা বেঙ্গালুরু মাত্র ১২ রানেই হারায় ওপেনার আগারওয়ালের উইকেটটি। এরপরে ব্যক্তিগত ৩৫ রানে বিদায় নেন অধিনায়ক কোহলি। যতক্ষন কোহলি উইকেটে ছিলেন তখন গেইল যেন ছিলেন দর্শকের ভূমিকায়। তবে কোহলি বিদায় নেয়ার পরেই শুরু হয় গেইলের আসল তান্ডব। বরাবরের মতোই গতকালও চারের চেয়ে ছয় মারতেই বেশী আগ্রহী ছিলেন এই ওয়েস্ট ইন্ডিয়ান তারকা। যার প্রমান চারটি চারের বিপরীতে নয়টি ছয়! ৩২ বলে পঞ্চাশ ছোঁয়ার পরে পরবর্তী ১৮ বলে গেইল করেন আরো ৩৬ রান। তৃতীয় উইকেটে ভিলিয়ার্সের সঙ্গে অবিচ্ছিন্ন ৮৩ রানের জুটিতে ১৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছায় স্বাগতিকরা।
এরআগে অধিনায়ক গৌতম গম্ভীরের ইনিংস সর্বোচ্চ ৫৯ রানের জুটিতে নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রান করে কলকাতা। আরপি সিং দখল করেন তিনটি উইকেট।
