হার্ভার্ডের সেমিনারে যোগ দিতে পরিবেশমন্ত্রীর যুক্তরাষ্ট্র যাত্রা

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২১:১৮
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে পরিবেশ ও উন্নয়ন বিষয়ে এক আন্তর্জাতিক কনফারেন্সে বক্তব্য দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ। ‘এনভায়রনমেন্ট-ডেভেলপমেন্ট রিলেশনশিপ ইন দ্যা কনটেক্সট অব বাংলাদেশ’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে তাকে। সেমিনারে যোগ দিতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা হয়েছেন ড. হাছান মাহমুদ। গত ফেব্রুয়ারি মাসে আয়োজক কমিটির পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়। আগামী ১৩ এপ্রিল এ সেমিনার অনুষ্ঠিত হবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এনভায়রনমেন্ট, সেন্টার ফর দ্যা গভর্নমেন্টাল স্টাডিজ, সাউথ এশিয়া ইনস্টিটিউট, হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ, হার্ভার্ড ল স্কুল এন্ড হার্ভার্ড কলেজ এবং সাউথ এশিয়ান স্টুডেন্টস এন্ড প্রফেশনালস্ এ্যাট হার্ভার্ড মেডিক্যাল স্কুল যৌথভাবে এ সেমিনারের আয়োজন করেছে।