স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, যেসব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হরতালের পূর্বে ও হরতাল চলাকালে দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।
বুধবার উখিয়ায় নবনির্মিত থানা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের স্বীকৃত একটি গঠনতন্ত্র রয়েছে। বিএনপি জামায়াত তাদের গঠনতন্ত্রের প্রতি তোয়াক্কা না করে হরতালের নামে গাড়ি পোড়ানো, মানুষ হত্যা, সংখ্যালঘুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে দেশব্যাপী তাণ্ডবলীলা চালিয়ে যাচ্ছে।
উখিয়া থানা কম্পাউন্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ আজাদ মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোঃ সাইদুল হক এম.পি, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদি, এথিন রাখাইন এম.পি, র্যাবের মহাপরিচালক মোঃ মোখলেছুর রহমান প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পবিত্র কোরআনে স্পষ্ট উল্লেখ আছে, ইসলাম ধর্মকে আল্লাহ নিজেই হেফাজত করবেন। সমপ্রতি হেফাজতে ইসলামের নামে জামায়াত-বিএনপি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকার্যকে বানচাল করার জন্য সুপরিকল্পিত যেসব কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করেছে সরকার ও জনগণ তা কোনোদিন বাংলার মাটিতে বাস্তবায়ন হতে দেবে না।
