দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনিতে কর্মরত সকল শ্রমিকের চাকরি বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের অধীনে স্থায়ীকরণসহ চার দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার খনি এলাকায় বিক্ষোভ-সমাবেশসহ সংবাদ সম্মেলন করেছে খনি শ্রমিকেরা।
বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারি ইউনিয়নের উদ্যোগে খনির আবাসিক গেটের সামনে সহস্রাধিক শ্রমিক বিক্ষোভ-সমাবেশ করে। সমাবেশে দাবির সমর্থনে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ওয়াজেদ আলী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অস্থায়ী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। একই স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবির পক্ষে লিখিত বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ওয়াজেদ আলী। এ সময় খনিতে কর্মরত ১হাজার ৪১জন শ্রমিক উপস্থিত ছিলেন।
চারদফা দাবির মধ্যে রয়েছে, কয়লাখনিতে কয়লা উত্তোলন কাজের সাথে সম্পৃক্ত সকল শ্রমিককে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের অধীনে চাকরি স্থায়ী করা, ২০১১-১২ অর্থ বছরের প্রফিট বোনাসের হিসাবসহ আগামীতে কর্মকর্তাদের সমপরিমাণ প্রফিট বোনাস প্রদান, খনিতে কর্মরত সকল শ্রমিকের জন্য জীবন বীমার ব্যবস্থা গ্রহণ এবং রেশন প্রদান করা।
