দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে ঃ অস্থায়ী রাষ্ট্রপতি

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২২:২৪
অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট বলেছেন, দেশে সকল ধর্মের লোকদের মধ্যে সাম্প্রদায়িক সমপ্রীতি ও শান্তিপূর্ণ সহ-অবস্থান বিদ্যমান রয়েছে। সকল ধর্মেরই মূল শিক্ষা হচ্ছে শান্তি ও সমৃদ্ধি এবং এ কারণেই আমরা একত্রে কাজ করছি। বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিক্যান সিটির রাষ্ট্রদূত যোশেফ মারিয়ন গতকাল বৃহস্পতিবার বিকালে অস্থায়ী রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে বিদায়ী সাক্ষাত্ করতে গেলে তিনি এ কথা বলেন। অস্থায়ী রাষ্ট্রপতি সুবিধাজনক কোন সময়ে বাংলাদেশ সফরে আসতে দূতের মাধ্যমে পোপকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রদূতকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, ভ্যাটিক্যান সিটির সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্কের দীর্ঘ ঐতিহাসিক পটভূমি রয়েছে। খ্রিস্টান মিশনারীরা এখানে পাশ্চাত্যের চিন্তা-ধারা চালু করেছেন এবং আমাদের সমাজে তাদের শিক্ষা রেখে গেছেন যার উল্লেখযোগ্য প্রভাব আমাদের সমাজ ও সংস্কৃতিতে রয়েছে। অস্থায়ী রাষ্ট্রপতি এখানে দেশব্যাপী মানসম্পন্ন শিক্ষা সম্প্রসারণে খ্রিস্টান মিশনারীগুলোর গঠনমূলক অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশে শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ মিশনারীদের সেবা আরো সম্প্রসারণের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন, খ্রিস্টান সমপ্রদায়ের লোকেরা এ দেশে দীর্ঘদিন শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছেন এবং তারাও জাতীয় উন্নয়নে অন্যদের ন্যায় সমান অবদান রাখছেন। বৈঠকে রাষ্ট্রদূত অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদকে জানান, বিগত কয়েক দশক ধরে প্রায় ৭শ’ মিশনারী স্কুল ও কলেজ বাংলাদেশে শিক্ষাদানে অবদান রাখছে। তিনি বাংলাদেশে সামপ্রদায়িক সমপ্রীতির প্রশংসা করে ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।