মতলবে ইলিশের মণ লাখ টাকা!

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ২০:৪৯
বর্ষবরণ উত্সবে ইলিশের চাহিদা স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেড়ে যায়। আর এ চাহিদাকে পুঁজি করে ইলিশের দাম হয় সাধারণ মানুষের নাগালের বাইরে। প্রতি বছরের এ চিত্র মতলবের ইলিশের মোকামে। গতবছর নববর্ষের একদিন আগে সব রেকর্ড ভঙ্গ করে পাইকারি বাজারে এক কেজির উপরের সাইজের ইলিশের মণ বিক্রি হয়েছিল ১ লাখ ৬২ হাজার টাকা। সে হিসাবে প্রতি কেজি ইলিশের দাম হয়েছিল ৪ হাজার ৫০ টাকা। এবারও একই পথে এগুচ্ছে ইলিশের দাম। গত দু’দিন আগে এক কেজির বেশি সাইজের ইলিশের মণ ছিল ৯০ হাজার টাকা। সে হিসেবে প্রতি কেজির দাম পড়েছে ২২৫০ টাকা। নববর্ষের আগে ওই ইলিশের কেজি গতবছরের মতো ৪ হাজার টাকার বেশি হবে বলে আশা করছেন ইলিশ ব্যবসায়ীরা। এ আকাশ ছোঁয়া দামের কারন মেঘনা নদীর ষাটনল থেকে হাইমচর- আলেকজান্ডার পর্যন্ত মার্চ-এপ্রিল দু’মাস অভয়াশ্রম। জেলে নির্বিঘ্নে মাছ ধরতে পারে না। মতলব উত্তরের ষাটনল বাবুর বাজার মত্স্য আড়ত্দারদের কয়েকজনের জানান, গত ১০ দিন ধরে প্রতিদিনই ইলিশের দাম বাড়ছে। এ অবস্থা অব্যাহত থাকলে গত বছরের মতো এবারও ইলিশের মণ দেড় লক্ষাধিক টাকা হতে পারে। গত বৃহস্পতিবার মতলব বাজার, এখলাছপুর মত্স্য আড়ত ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে ১০ থেকে ১৫ পিস গ্রেড সাইজ (এক কেজির ওপরে) ইলিশের আমদানি হয়েছে। নিলাম ডাকে এর প্রতি মণ বিক্রি হয়েছে ৯০ হাজার টাকায়। সে হিসাবে প্রতি কেজি মাছের দাম পড়েছে ২২৫০ টাকা। খুচরা বাজারে ওই মাছ আরও ৩ থেকে ৫শ’ টাকা বেশি দামে বিক্রি হবে। এছাড়া বুধবার এক কেজি সাইজের ইলিশের মণ ছিল ৮২ হাজার টাকা। প্রতি কেজির দাম পড়েছে ২৫০ টাকা। ওই মাছ খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হয় আড়াই হাজার টাকারও বেশি দামে। টেকনাফ সংবাদদাতা জানান, সাগরে জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ । তাই বাজারে ইলিশের অকাল চলছে।