একটি কুচক্রী মহল দেশের বৃহত্তম বিড়ি কারখানা যশোরের নাভারনের আকিজ বিড়ি ফ্যাক্টরি বন্ধ করে দেয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও শ্রমিকরা। কুচক্রীদের ষড়যন্ত্রে কারখানাটি বন্ধ হলে ফ্যাক্টরিতে কর্মরত দেড় হাজার শ্রমিক বেকার হয়ে তাদের পরিবার পথে বসবে বলে তাদের আশংকা। বুধবার যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই ফ্যাক্টরির কর্মকর্তা ও বিড়ি শ্রমিকরা একথা বলেন।
লিখিত বক্তব্যে কারখানার ব্যবস্থাপক মো. ছিদ্দিকুর রহমান বলেন, সরকারি নিয়ম অনুযায়ী বিড়ি উত্পাদনের আগেই ব্যান্ডরোল ক্রয় করা হয়। কত বিড়ির জন্য কি পরিমাণ ব্যান্ডরোল আকিজ বিড়ি ক্রয় করছে তার যাবতীয় তথ্য নিজস্ব অফিস ছাড়াও পোস্ট অফিস, সরকারি ট্রেজারি এবং স্থানীয় কাস্টমস অফিসে সংরক্ষিত থাকে। অথচ নিজস্ব কারখানায় ব্যান্ডরোল ছাপানোর কল্পিত কাহিনী প্রচার করে মহল বিশেষ ষড়যন্ত্রে মেতে উঠেছে। কম দামের বিড়ি বাজারে থাকুক অনেকের তা অপছন্দ।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিদেশে বিড়ি রফতানি করে কোম্পানিটি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কারখানার হিসাবরক্ষক আব্দুর রউফ বিশ্বাস, বিড়ি শ্রমিক আব্দুল ওয়াহেদ, মতিয়ার রহমান প্রমুখ।
