মিসবাহ উল হককে অধিনায়ক হিসেবে ব্যর্থ মনে করার লোক ইদানিং নিতান্ত কম নয়। কিন্তু পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল অন্তত পাশে আছেন মিসবাহ উল হকের। বলছেন, মিসবাহ তার দায়িত্ব পালনে এখনো ব্যর্থ হননি এবং দক্ষিণ আফ্রিকা সফরে হাতে পাওয়া দল নিয়ে অধিনায়ক হিসেবে যথেষ্ট ভাল করেছেন।
নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া এবং ওয়ানডে দল থেকে মিসবাহকে বাদ দেয়ার দাবি প্রত্যাখ্যান করে সোহেল বলেন, ‘মিসবাহকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়াটাই একটা ভাল দল গঠনের সমাধান নয়। পাকিস্তান ক্রিকেটে দরকার অধিনায়ককে ব্যবহার করা এবং তার সর্বোচ্চটা আদায় করে নেয়া।’
সোহেলের মতে, এই মুহূর্তে মিসবাহর অভিজ্ঞতা পাকিস্তান দলের প্রয়োজন। তাছাড়া দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টেস্ট সিরিজে পরাজয়ের জন্য একজনকে দায়ী করা যায় না বলেও বলছেন আমির সোহেল। পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য খেলোয়াড়দের সমালোচনা না করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পদ্ধতির উন্নতি করা দরকার উল্লেখ করে সোহেল বলেন, ‘সামপ্রতিক সময়ে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান দলের টেস্ট রেকর্ড ভাল নয়।’
পাকিস্তানের তরুণ খেলোয়াড়দেরকে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মত দেশগুলোতে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে পাঠানোর বিষয়ে মিসবাহর পরামর্শের সঙ্গে একমত পোষণ করে সোহেল বলেন, ‘এটা অত্যন্ত প্রয়োজনীয়, কেননা ঐ সব দেশের কন্ডিশন কোনভাবেই পাকিস্তানে পাওয়া সম্ভব নয়।’
