শ্বাসপতনের শব্দ শুনি

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ১৯:১৫
রিক্ত উদরে আজও জলতরঙ্গের খেলা অবিরাম অকারণে আহত স্বপ্নরা পরিতৃপ্তির ঢেঁকুর তুলে হজম প্রক্রিয়ার মর্মমূলে খুঁজে ফেরে পান্তা-ইলিশের ঘ্রাণ। মর্মঘাতী ঘুমগ্রস্ত অগ্নিবনে নৃত্যরত যাযাবর সময় বাউল বাতাসে দোলায় টিয়ে রঙের কচিপাতা। বিবর্ণপাতার শুকনো বক্ষ জুড়ে অদৃশ্য আখরে লেখা কার ব্যর্থ প্রণয়ের পৌরাণিক ইতিহাস। কষ্টের কাঠঠোকরা একটি মুমূর্ষু বৃক্ষের বাকল খুড়ে সোনালি অতীত খুঁজে পাওয়ার ব্যর্থ প্রয়াসে মগ্ন শান বাঁধানো পুকুর ঘাটের বয়সী বকুল গাছের তলে কাজল কালোকেশ উড়িয়ে নৃত্যের তালে সেই কবে উষ্ণতামাখা এক উদাস দুপুরে এসেছিল বৈশাখী! সেই সুমধুর স্মৃতিটুকুও বিস্মৃতির আঁধারে বিলুপ্তপ্রায় হয়তো পথ ভুলেও বৈশাখী এখানে আর আসবে না ফিরে অথচ আজ অবেলা আগন্তুক আঁধারের বক্ষ বিদীর্ণ করে বহুদূর থেকে ক্রমাগত কাছে ছুটে আসছে শ্বাসপতনের শব্দ হিমাগারে রক্ষিত শবদেহের মতো ক্রমশ হিম হয়ে আসছে। একজনমের স্বপ্ন-সাধ বেঁচে থাকার অদম্য বাসনাটুকু!