তালেবান হামলায় ১৩ আফগান সৈন্য নিহত

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২২:১৪
আফগানিস্তানের পাকিস্তান সংলগ্ন পূর্বাঞ্চলীয় সীমান্তের কাছে এক সেনা চৌকিতে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। এ ঘটনায় শুক্রবার ১৩ জন সৈন্য নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী একথা জানিয়েছে। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। খবর ডন অনলআইনের। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আজিমি জানান, কুনার প্রদেশের নারি জেলায় এদিন ভোরে জঙ্গিরা হামলা চালালে দুই পক্ষের সাথে সংঘর্ষ বেধে যায়। টানা পাঁচঘণ্টা সংঘর্ষ চলে। এতে ১৩ জন সৈন্য নিহত হয়। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। এ ঘটনার পর তারা ঘাঁটিটি নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং অস্ত্র, গোলাবারুদ জব্দ করে বলে তালেবানের ঐ মুখপাত্র জানিয়েছে। মুজাহিদ জানায়, সংঘর্ষে ১৫ সেনা নিহত হয়। তবে জঙ্গিদের কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি। তালেবান ও অন্যান্য জঙ্গিরা পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে শরণার্থী হিসাবে অবস্থান করছে। সেখান থেকে আফগানিস্তানে অনুপ্রবেশের অন্যতম প্রধান রুট হিসাবে জঙ্গিরা এই কুনার প্রদেশকে ব্যবহার করে থাকে।