হ্যাকারদের হামলায় নাকাল ওয়ার্ডপ্রেস সাইট

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ১৯:৪৫
সাইবার হামলায় এবারে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ওয়ার্ডপ্রেসে তৈরি করা ওয়েবসাইটগুলো। গত এক সপ্তাহ সময় ধরে একটি সংগঠিত হ্যাকার দল ওয়ার্ডপ্রেসের এই ওয়েবসাইটগুলোকে নিজেদের আক্রমণের লক্ষ্যে পরিণত করেছে। সার্ভার হোস্ট করা ক্লাউডফ্লেয়ার এবং হোস্টগেটর সূত্রে জানা গেছে, হাজার হাজার বটনেটের মাধ্যমে ওয়ার্ডপ্রেসের এই সাইটগুলোতে আক্রমণ অব্যাহত রাখা হয়েছে। আর এই আক্রমণে তারা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটগুলোতে লগ-ইন করছে ‘অ্যাডমিন’ ইউজার আইডি দিয়ে। আর সম্ভাব্য হাজার হাজার পাসওয়ার্ড ব্যবহার করছে সাইবার আক্রমণকারীরা। অথচ দিন কয়েক আগেই ওয়ার্ডপ্রেস তাদের সাইটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে লগ-ইন অপশনে বাড়তি দুইটি ধাপ যোগ করেছে। বাড়তি এই ধাপ যুক্ত করায় ওয়ার্ডপ্রেস আরও শক্তিশালী হয়ে উঠবে বলেই জানিয়েছিল ওয়েবসাইট তৈরির অন্যতম বৃহত্ এই প্ল্যাটফর্মটি। প্রায় ৬৪ মিলিয়ন ওয়েবসাইট তৈরি হয়েছে এই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। আর প্রতি মাসেই এই ওয়েবসাইটগুলো ভিজিট করে থাকেন প্রায় ৩৭১ মিলিয়ন ব্যবহারকারী। ডাব্লিউ৩টেক-এর এক জরিপে দেখা যায়, বিশ্বের সব ওয়েবসাইটের প্রায় ১৭ শতাংশই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকে। এই সাইবার আক্রমণে ওয়ার্ডপ্রেস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। আর ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের আরও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ প্রদান করেছে। এ বিষয়ে ওয়ার্ডপ্রেস প্রতিষ্ঠাতা ম্যাট মুলেনওয়েগ তার ব্লগে জানিয়েছেন, ‘আমার পরামর্শ: যারা যারা এখনও ইউজার নেম হিসেবে ‘অ্যাডমিন’ ব্যবহার করছেন, এটি বদলে ফেলুন আর শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।’ পাশাপাশি সম্প্রতি যুক্ত বাড়তি দুই স্তরের নিরাপত্তা ফিচারগুলোও সক্রিয় করার পরামর্শ প্রদান করেন তিনি। আরও শক্তিশালী বটনেট তৈরির উদ্দেশ্যে এই আক্রমণ করা হতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট অনেক বিশেষজ্ঞ।