গম কর্তনে হারভেস্টিং মেশিন সাড়া জাগিয়েছে

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২১:২৭
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিতে তৈরি করোনা কোম্পানির হারভেস্টিং মেশিন ফরিদপুর জেলার মধুখালীসহ অন্যান্য উপজেলায় চলতি মৌসুমে গম কর্তন, মাড়াই, ঝাড়াই ও রাস্তায় প্যাকিং কাজে গম চাষিদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। এ পর্যন্ত মধুখালী উপজেলায় বিভিন্ন ব্লকে প্রায় ১০০ একরের জমির ঊর্ধ্বে গম কর্তন, মাড়াই এবং বস্তায় ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। উন্নত এ প্রযুক্তিনির্ভর হারভেস্টিং মেশিন ব্যবহারে কৃষক বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন। প্রকাশ, এই হারভেস্টিং মেশিনে প্রতি একর জমির গম কর্তন ও মাড়াইয়ে দেড় ঘণ্টা সময় লাগে। অথচ এই পরিমাণ গম কর্তনে ১০ থেকে ১২ জন কৃষি শ্রমিক প্রয়োজন হয়। শ্রমিকের পারিশ্রমিক তদুপরি একই মৌসুমে অসংখ্য কৃষি শ্রমিক না পাওয়ায় কোম্পানির পক্ষ থেকে এই প্রযুক্তি নিয়ে কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে কোম্পানি। হারভেস্টিং মেশিন কৃষকদের মধ্যে বিক্রি এবং ভাড়া দিয়ে থাকে। তবে কৃষকরা স্বল্প সময়ের চাহিদার কারণে তারা ভাড়া ব্যবহারেই বেশি আগ্রহী। মেশিনের স্থানীয় প্রতিনিধি গোলাম মাওলা পান্নু ও মো. মমিনউদ্দিন জানান, কোন ত্রুটি না হলে প্রতিদিন ৫/৭ একর জমির গম কর্তন, মাড়াই এবং বস্তাবন্দি করা সম্ভব।