গঙ্গাচড়ায় উঁকি মারছে বোরো ধানের শীষ

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২১:২৮
রংপুরের গঙ্গাচড়ায় বাতাসে দুলছে বোরো ধানের শীষ। কৃষকের মুখে ফুটেছে সোনালী হাসি। উপজেলার বিভিন্ন এলাকায় বোরো ধান ক্ষেতে উঁকি মারছে ধানের শীষ। বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্নের ধান। কষ্টের ধান দেখে কৃষকের মুখ খুশিতে ভরে উঠছে। ধার-দেনা করে বোরো ধান চাষ করলেও লাভ-ক্ষতির হিসাব মেলাতে পারছেন না কৃষক। তারপরও মাঠের ধান দেখে ভরে উঠছে বুক। এইতো আর ক’দিন পরেই ঘরে তুলে আনবে ধান। সরেজমিনে উপজেলার বেতগাড়ী, পানাপুকুর, দক্ষিণ কোলকোন্দ, ভূটকা, বড়বিল, ঠাকুরাদহ, চেংমারী, মন্থানা, পাকুড়ীয়া শরীফসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে দিগন্ত জুড়ে দোল খাচ্ছে স্বপ্নের সোনালী ধান। ধীরে ধীরে শীষগুলো নুইয়ে পড়ছে। সোনালী রঙ ধারণ করছে। কৃষকরা জানান, অধিকাংশই ব্রি-২৮ জাতের ধান আগাম বের হচ্ছে। অনেকে পতিত জমিতে এসব ধান লাগিয়েছে। ঠাকুরাদহ গ্রামের কৃষক এরশাদ আলী বলেন, তিনি এবছর এক একর জমিতে ব্রি-২৮ ধান লাগিয়েছেন। সব জমির ধানের শীষ বের হচ্ছে। মাসখানেকের মধ্যে এসব ধান কাটা যাবে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা জানান। কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর ১১ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৩০০ হেক্টর জমিতে হাইব্রিড, ২ হাজার ৯০০ হেক্টর জমিতে ব্রি-২৮। তাছাড়া ৩ হাজার ৯৫০ হেক্টর জমিতে অন্যান্য জাতের ধান লাগানো হয়েছে।