মনোহরদীতে দু’কোটি টাকার পাম্প আট বছরেও চালু হয়নি

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২১:২৯
মনোহরদী পৌরসভায় দু’কোটি টাকা ব্যয়ে ৩টি পানির পাম্প ৮ বছর আগে স্থাপন করা হলেও এখনো পর্যন্ত সেগুলো চালু করা হয়নি। বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য ৩টি গভীর পাম্প ও ১২ কিলোমিটার পাইপ লাইন বসানো হয়। ৩টি পাম্প পরিচালনার জন্য পৌরসভা কর্তৃপক্ষ গত চার বছর আগে ৩ জন পাম্প অপারেটর নিয়োগ দিয়েছেন। তারা নিয়মিত সরকারি বেতন ভাতা ভোগ করছে। পানির পাম্প ও পাইপ লাইন থাকার পরও পানি সরবরাহ কেন করা হচ্ছে না এ ব্যাপারে মনোহরদী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সবুজ কাজীর জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তাদের অধীনে স্থাপন করা ৩টি পানির পাম্প মনোহরদী পৌর কর্তৃপক্ষের কাছে এখনো হস্থান্তর করেনি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নরসিংদী জেলার নির্বাহী প্রকৌশলী মো. আ. আউয়াল বলেন মনোহরদী পৌরসভায় সুপেয় পানি সরবরাহের জন্য স্থাপিত পানির পাম্পগুলো অনেক আগেই পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।