পীরগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২১:৩৩
পীরগঞ্জ উপজেলায় ৬ বছরের এক স্কুল ছাত্রীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার দুপুরে উপজেলার ফতেপুর গ্রামের কুখ্যাত ডাকাত খোড়া হিরুর ঘরের মেঝে খুঁড়ে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত জলি খাতুন ফতেপুর গ্রামের জহুরুল হকের কন্যা ও ফতেপুর ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। পুলিশের ধারণা, ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে লাশ ঘরের মেঝেতে পুঁতে রাখা হয়। লাশের গোপনাঙ্গে এবং মুখে রক্তের দাগ রয়েছে। গলায় জুতার ফিতা পেঁচানো রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের চাচা থানায় খোড়া হিরুকে আসামি করে হত্যা মামলা করেছেন। জানা যায়, প্রতিদিনের মতো জলি বৃহস্পতিবার সকালেও স্কুলে যায়। পরে সে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। এ সময় এলাকার এক মহিলা তাদের জানায়, খোড়া হিরু তাকে নিয়ে গেছে। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করে। পুলিশ জানায়, ডাকাত খোড়া হিরুর নামে পীরগঞ্জ ও মিঠাপুকুর থানায় ২৫টি সড়ক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। কয়েকবার কারাভোগও করেছে সে। ৩-৪ বছর আগে এলাকার লোকজন তার বাম পা কেটে দেয়। তখন থেকেই লোকজন তাকে খোড়া হিরু বলে ডাকে।