রাজশাহীর দুর্গাপুর আমাগাছী পূর্বপাড়ার চাঞ্চল্যকর ভ্যানচালক আব্দুল হান্নান হত্যা রহস্য (ক্লু) পুলিশ একমাসেও উদঘাটন করতে পারেনি। এমনকি নিহতের বিচ্ছিন্ন করে নিয়ে যাওয়া মাথাও উদ্ধার হয়নি। এনিয়ে স্থানীয় জনমনে উদ্বেগ-উত্কণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে। প্রসঙ্গত, গত ১০ মার্চ দিবাগত রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় ভ্যানচালক আব্দুল হান্নানের মাথা ধর থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার একমাস পেরিয়ে গেলেও পুলিশ এই চাঞ্চল্যকর হত্যাকান্ডের ক্লু এমনকি নিহতের মাথা উদ্ধার করতে পরেনি।
জানা গেছে, এ হত্যায় জড়িত সন্দেহে গত ৩০ মার্চ উপজেলার ঝালুকা গ্রামের মৃত অহিরের পুত্র মজিবর রহমান ও বদ্ধনপুর গ্রামের হাবিবুরের স্ত্রী শেফালী বেগমকে পুলিশ গ্রেফতার করে ৩ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে। মামলার তদন্ত কর্মকর্তা ওমর আলী জানান, রিমান্ডে নারী ও পুরুষ আসামিদ্বয়কে পৃথকভাবে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কোন তথ্য পাওয়া যায়নি। এমনকি তারা হত্যায় জড়িত নয় বলে জানিয়েছে। হত্যাকাণ্ডটি অত্যন্ত রহস্যজনক। এর রহস্য উদঘাটনে পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মামলার বাদি নিহতের বড়ভাই আব্দুল মান্নান বলেন, হত্যার ক্লু এমনকি ভাইয়ের বিচ্ছিন্ন করে নিয়ে যাওয়া মাথাটাও পুলিশ উদ্ধার করতে পারেনি। গত এক মাসে থানা পুলিশ তিনবার তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন।
