দুই টাকায় ভোজন বিলাস

আপডেট : ০৭ মে ২০১৯, ১৯:৪২

সংগঠনের নাম ‘দুই টাকায় ভোজন বিলাস’। নিজেদের জন্য ভোজন বিলাস নয়। সমাজ সেবার মহান ব্রতে উজ্জীবিত হয়েই ৫৭ জন শিক্ষার্থী গড়ে তুলেছে এ সংগঠন। সংগঠনের কোনো সভাপতি/সম্পাদক বা পদবিধারী কেউ নেই। সবাই সংগঠক, সবাই কর্মী—এই পরিচয়েই তাঁরা হবিগঞ্জে কার্যক্রম শুরু করে সবার দৃষ্টি আকৃষ্ট করেছে। তাঁদের প্রথম প্রয়াস ছিল পথ শিশুদের বিনোদন আর ইচ্ছেমতো খাবারের আয়োজন করা। ‘আমরা আছি তোমাদের পাশে, দুই টাকার অমৃত সুধা, থাকবে না আর দারিদ্র ক্ষুধা’—এই প্রতিপাদ্য নিয়েই উদ্যোক্তারা দাঁড়িয়েছিল পথশিশুদের পাশে। অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছিল গত ১২ এপ্রিল। স্থান জালাল স্টেডিয়াম। এ জন্য সংগঠনের সদস্যরা প্রত্যেকে ২০০ টাকা করে জমা করার পর শুভানুধ্যায়ী অনেকেই আরো কিছু অর্থ দান করেন। নির্দিষ্ট দিনে সকাল হতেই পথ শিশুরা ভিড় জমায় জালাল স্টেডিয়ামে। দুই টাকা জমা দিয়ে নাম রেজিস্ট্রেশন করিয়ে নেয়। পথশিশুদের নিকট থেকে দুই টাকা করে নেওয়ার কারণ ব্যাখ্যা করে সংগঠনের সদস্য কলেজ ছাত্রী নৌরিন নুজহাত বলেন, ‘শিশুরা যাতে হীনম্মন্যতায় না ভোগে সে জন্য এ ব্যবস্থা। তারা টাকা দিয়ে খাবার কিনে খাচ্ছে, এ ধারণা দেওয়ার জন্য টাকা নেওয়া হয়।’ যথারীতি জেলা ক্রীড়া সংস্থা অফিস প্রাঙ্গণের এক কোণে শিশুদের জন্য ভাত, সবজি, মাংস, ডাল রান্না করা হয়। প্রায় ৮০ জন শিশুর খাবার তৈরির ফাঁকে স্টেডিয়ামে খেলাধুলা ও গান-বাজনা করে সময় কাটিয়ে দেয়। দুপুরে তাদের খাবার পরিবেশন করা হল। পথ শিশুরা নিজ হাতে চামচ ধরে ইচ্ছামতো খাবার নিয়ে স্টেডিয়ামের গ্যালারিতে বসে খাবার খায়। শহরের বিশিষ্ট জনেরা এ দৃশ্য উপভোগ করলেন। উদ্যোক্তারা জানালেন আগামীতেও এধরনের কর্মসূচি নেওয়া হবে।