দেশের প্রথম নোবেল জয়ী ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক পদক ‘কংগ্রেসনাল গোল্ড মেডেল’ গ্রহণ করবেন। ইতোমধ্যে তিনি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। বুধবার বাংলাদেশ সময় মধ্যরাতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই পুরস্কার তুলে দেবেন কংগ্রেসের স্পিকার জন বায়নার। শান্তিতে নোবেল জয়ী দেশের প্রথম অর্থনীতিবিদ ড. ইউনূস এ সময় কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্যও রাখবেন। ঢাকা ইউনূস সেন্টার সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মাননার পদক ‘কংগ্রেসনাল গোল্ড মেডেল’। এটি দেয়া হয় মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের সম্মতিতে। বিশ্বজুড়ে মানবতার কল্যাণ ও সমৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান ও ব্যক্তিগত অর্জন বিবেচনায় নিয়ে দেশটির আইন প্রণেতারা এই মেডেল প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। এটি প্রবর্তিত হয় ১৯৭৬ সালে। ড. ইউনূস প্রথম বাংলাদেশি হিসাবে মর্যাদাপূর্ণ এই পদক গ্রহণ করতে যাচ্ছেন। মুহাম্মদ ইউনূসকে এই পদক প্রদানের বিষয়ে ডেমোক্রেট ও রিপাবলিকান দলীয় আইন প্রণেতারা সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নোবেল শান্তি পুরস্কার ছাড়াও ইতিপূর্বে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ‘প্রেসিডেন্ট গোল্ড মেডেল’ অর্জন করেন।
বিশ্বে ইতিপূর্বে মাত্র ৬ জন মানুষ একই সঙ্গে নোবেল পুরস্কার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গোল্ড মেডেল ও কংগ্রেসনাল গোল্ড মেডেল অর্জন করেন। এরা হলেন মার্টিন লুথার কিং, এলিয়ে ওয়েসেল, মাদার তেরেসা, নেলসন ম্যান্ডেলা, নরম্যান বারলাগ ও অং সান সু চি।
‘আমার নয়, এটা বাংলাদেশের সম্মান ’
এ প্রসঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হোটেলে অবস্থানরত ড. ইউনূস গতকাল তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘অর্জিত এই সম্মাননা আমার ব্যক্তিগত নয়, এটা বাংলাদেশের সম্মান ’। কংগ্রেসনাল গোল্ড মেডেল গ্রহণশেষে কংগ্রেসে প্রদেয় বক্তব্যে ড. ইউনূস বিশ্ব সামাজিক ব্যবসা পরিস্থিতি, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও দারিদ্র্য দূরীকরণ ইস্যুগুলো তুলে ধরবেন বলে ইউনূস সেন্টার সূত্রে জানা গেছে।
