আগামী ৭ মে মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত হচ্ছে ‘ইউএস-বাংলাদেশ টেক ইনভেস্টমেন্ট সামিট’। বেসিস-এর উদ্যোগে এবং দ্যা ইনদাস এন্টারপ্রাইজ (টাই) ও অগ্রণী ব্যাংকের সহযোগিতায় টাই সদর দফতরে এ সামিট অনুষ্ঠিত হবে। গতকাল রাজধানীর একটি স্থানীয় হোটেলে বেসিস অয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর, বেসিস সিনিয়র সহ-সভাপতি ও ইউএস-বাংলাদেশ টেক ইনভেস্টমেন্ট সামিট-এর আহ্বায়ক শামীম আহসান, সামিটের পার্টনার অগ্রণী ব্যাংকের পক্ষে চেয়ারম্যান খন্দকার বজলুল হক এবং ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বেসিস মহাসচিব রাসেল টি আহমেদ। বেসিস সভাপতি ফাহিম মাশরুর বলেন, ‘অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক আইটি মেলার চেয়েও এ ধরনের সামিট কান্ট্রি ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে।’ বেসিস-এর সিনিয়র সহসভাপতি ও সামিটের আহ্বায়ক শামীম আহসান বলেন, ‘এর মাধ্যমে প্রচুর পরিমাণে বিটুবি ম্যাচমেকিং ও জয়েন্ট ভেঞ্চার ব্যবসার ক্ষেত্র তৈরি হবে।’ বক্তারা আরও বলেন, সামিটে প্রায় ২০০ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, নীতি নির্ধারক, ঊর্ধ্বতন আইটি কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকেও প্রায় ৫০ জন আইটি উদ্যোক্তা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সামিটে আমন্ত্রিত অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান। এর আগে ২০১০ সালে নিউইয়র্কের ম্যারিয়ট হোটেলে প্রথম সামিট অনুষ্ঠিত হয়।
