শ্রীপুরে মেলার নামে জুয়া গ্রেফতার ৭

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২০:৫৯
সোমবার গভীর রাতে উপজেলার শিমলাপাড়া অননুমোদিত বৈশাখী মেলায় অভিযান চালিয়ে অসামাজিক কর্ম, জুয়া ও অশ্লীল নৃত্যের সাথে সম্পৃক্ত থাকায় ৫ নর্তকীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজ হায়দার ভুঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল ইসলাম ভুঁইয়া, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন সাংবাদিকদের নিয়ে এই অভিযান পরিচালনা করেন। জানা যায়, বাংলা নববর্ষ উপলক্ষে গত তিনদিন যাবত্ শ্রীপুরের প্রায় ২০টি স্থানে চলছে বৈশাখী মেলা। এসব মেলাস্থলে চলছে জুয়া, লাকি কুপন ড্র, পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য ও অসামাজিক কর্মকাণ্ড। এসব বিষয়ে সোমবার উপজেলা আইন-শৃঙ্খলা সভায় প্রশাসন তোপের মুখে পড়ে। এ সময় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আজিজ হায়দার ভুঁইয়ার নির্দেশে পুলিশ তাদের গ্রেফতার করে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জানান, মেলা থেকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।