আবারও ঈশ্বরদীতে একটি বেসরকারি সংস্থা সাধারণ মানুষের অর্থ নিয়ে উধাও হয়েছে। ‘ম্যাক্সিম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’ নামের অর্থলগ্নিকারী এই বেসরকারি সংস্থাটি উচ্চহারে সুদ প্রদানের আশ্বাস দিয়ে সহস্রাধিক গ্রাহকের প্রায় ৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে । অসংখ্য গ্রাহক জীবনের সব সঞ্চয় খুইয়ে এখন সর্বস্বান্ত হয়ে পথে বসেছে । অসংখ্য গ্রাহক গত কয়েকদিন ধরে ঐ অফিসে ভিড় জমালেও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। টাকা ফেরত পাওয়ার জন্য গ্রাহকরা সরকারের হস্তক্ষেপ কামনা করেছে। ঈশ্বরদী বাজারের প্রাণকেন্দ্র জিন্নাহ সুপার মার্কেটের দ্বিতীয়তলায় প্রায় এক বছর আগে সুদৃশ্য অফিস ভাড়া নিয়ে এই বেসরকারি সংস্থাটি কার্যক্রম শুরু করে । উচ্চহারে সুদ দেয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ গ্রাহকদের নিকট হতে আমানত সংগ্রহের কাজ শুরু হয়। ঈশ্বরদীর বিভিন্ন এলাকার সহস্রাধিক গ্রাহক লাভের আশায় টাকা লগ্নি করে এই প্রতিষ্ঠানের ফাঁদে পড়ে। শহরের বকুলের মোড় এলাকার সুলতানা জাহান নামের এক গৃহবধূ জানান, উচ্চহারে সুদ পাওয়ার আশায় তিনি গত বছর তিন লাখ টাকা এই প্রতিষ্ঠানে লগ্নি করেন । কিন্তু লাভ তো দূরের কথা, এই বেসরকারি সংস্থাটি তার আসল টাকা নিয়ে পালিয়েছে । আকতার হোসেন নামের নারিচা গ্রামের এক ব্যবসায়ীও উচ্চ লাভের আশায় এ প্রতিষ্ঠানে ২ লাখ ৫০ হাজার টাকা লগ্নি করেছিলেন। কোম্পানির কর্মকর্তাদের প্রলোভনে পড়ে এখন তিনিও সর্বস্বান্ত হয়েছেন বলে জানান। উধাও হওয়ার খবর পেয়ে তিনি গত সপ্তাহে এসে দেখতে পান অফিসে কেউ নেই। প্রধান গেটে তালা লাগানো। আশেপাশে খোঁজ নিয়ে জানতে পারেন তার মতো অনেকেই এসে ম্যাক্সিমের লোকজনদের খোঁজ করলেও কারো টিকিটির খোঁজ পাওয়া যাচ্ছে না।
