কুলাউড়ায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২১:০০
গত সোমবার বিকালে কুলাউড়া উপজেলার ২টি ইউনিয়ন ও পৌরসভার উপর দিয়ে প্রবলবেগে প্রবাহিত ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এতে ৩ জন আহত হবার খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ের ফলে কুলাউড়া বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রিত এলাকার ১৫টি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিদ্যুত্ সরবরাহ বিঘ্নিত হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের ফলে জয়চণ্ডি ও কুলাউড়া ইউনিয়নের শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘর চাপা পড়ে মীরবক্সপুর গ্রামের আব্দুল মুনিম ও তার স্ত্রী রুশনা বেগম আহত হন। কুলাউড়া-জুড়ি সড়কে গাছ পড়ে যান চলাচল বিঘ্নিত হয়। কুলাউড়া ইউনিয়নের গাজীপুর চা বাগানে টিলা লাইনে ঘরের উপর গাছ পড়ে এক শ্রমিক মারাত্মকভাবে আহত হয়। ঐ ইউনিয়নের গুতগুতি, লক্ষ্মীপুর, প্রতাপী ও বালিছিরি গ্রামের বাড়িঘর, গাছপালারও ব্যাপক ক্ষতি সাধিত হয়। ঘূর্ণিঝড়ে কুলাউড়া পৌরসভার কিছুু মহল্লারও ক্ষতি সাধিত হয় । তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে নিরূপণ করতে পারেননি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।