লালমনিরহাটে টোল আদায়কে কেন্দ্র করে উত্তেজনা

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২১:০১
লালমনিরহাট পৌরসভার নয়ারহাট ও বাজার ১৪২০ বাংলা সালের ইজারা ও টোল আদায়কে কেন্দ্র করে সোমবার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশংকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন। এ ঘটনায় সেখানে উত্তেজনা বিরাজ করছে। পৌরসভা কর্তৃপক্ষ ১৪২০ সালের জন্য খোলা দরপত্রের মাধ্যমে ৫৩ লাখ টাকায় জনৈক জাহিদ হোসেন মজনুকে হাটের ইজারা প্রদান করেন। শর্ত মোতাবেক কার্যাদেশের ৭ দিনের মধ্যে সমুদয় টাকা জমা না দেয়ার বিধান থাকলেও মাত্র ১৯ লাখ টাকা জমা দেয়া হয়। এমতাবস্থায় হাটের ইজারাদার নিয়োগ সঠিক না হওয়ায় ২য় সর্বোচ্চ দরদাতা শাহাব উদ্দিন হাটের ইজারা প্রাপ্তির দাবি করেন। এতে উভয়পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সর্বোচ্চ দরদাতা মজনু তার লোকজন নিয়ে নয়ারহাটে টোল আদায় করতে যান। অপরদিকে ২য় দরতাদা বিধিমোতাবেক ইজারাদার নিয়োগ সঠিক না হওয়ায় টোল আদায়ে বাধা প্রদান করেন। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দেয়ায় জেলা প্রশাসন দুপুর থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।