ঝিনাইদহে বৈশাখী মেলায় গরম তেলে ঝলসে গেছে এক কিশোরীর শরীর। জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় বৈডাঙ্গা গ্রামের নবগঙ্গা নদীর পাড়ে বৈশাখী মেলার মাঠে জুয়ার আসরকে কেন্দ্র করে পুলিশ ও জুয়াড়িদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এ সময় পুলিশ জুয়াড়িদের উপর চড়াও হয়ে মারধর শুরু করলে মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন মেলা আসা দর্শকরা এলোমেলো দৌড়াদৌড়ি শুরু করলে গিলাপোল গ্রামের জুলহাস মিয়ার মেয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী স্বর্নালী জিলাপি ভাজা কড়াইয়ের মধ্যে পড়ে গেলে তার দুই হাত ও পিঠ গরম তেলে ঝলসে যায়। স্বর্নালীকে রাতেই বৈডাঙ্গা বাজারের প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ প্রসঙ্গে কাতলামারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান বলেন, অবৈধ জুয়াখেলা বন্ধ করতে গিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে ঘটনাটি ঘটে।
