চাটমোহরে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা বাজারের ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান মজনু (৪৮) অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১০ লাখ টাকা খুইয়েছেন বলে জানা যায়। মোঃ ছাদেক আলী মাস্টারের ছেলে লোহাসামগ্রী ব্যবসায়ী মজনু রবিবার সকালে ট্রেনযোগে ঢাকা যাবার জন্য অষ্টমনিষা বাজার থেকে সিএনজিচালিত টেম্পোযোগে চাটমোহরের উদ্দেশ্যে রওনা হয়। এরপর আর তার হদিস পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে তার বড় ভাই আইয়ুব আলী চাটমোহর থানায় একটি জিডি করেন। গত সোমবার তাকে পাবনা থেকে অপ্রকৃতিস্থ অবস্থায় উদ্ধার করে চিকিত্সা দেয়া হয়।
সিলেটে সংবাদপত্র এজেন্সিতে রহস্যজনক চুরি
সিলেট অফিস \ সিলেটে সংবাদপত্র এজেন্ট উদয়ন এজেন্সিতে রহস্যজনক চুরি সংঘটিত হয়েছে। নগরীর বন্দরবাজারে অবস্থিত এজেন্সি অফিসে গত রবিবার সন্ধ্যা থেকে গত সোমবার সকালের যেকোন এক সময়ে এই চুরি হয়। উদয়ন এজেন্সির স্বত্বাধিকারী সিকান্দর আলী জানান, অফিসের পেছনের ভেন্টিলেটর ভেঙ্গে কে বা কারা অফিসে রক্ষিত নগদ প্রায় ১৬ লাখ টাকা নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রতিবেশীর লাঠির আঘাতে বৃদ্ধ খুন
আমতলী (বরগুনা) সংবাদদাতা \ আমতলী উপজেলার আজিমপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেল ৪টায় মোসলেম চৌকিদার (৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছে। এলাকাবাসী ও আমতলী থানার পুলিশ জানায়, সোমবার বিকেল ৪টায় মোঃ মোসলেম চৌকিদারের (৬৫) গরু প্রতিবেশী মোঃ মনির হাওলাদারের (২৭) বাড়ির একটি কলাগাছ খায়। এ নিয়ে দু’জনের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে মোঃ মনির হোসেন গরু বাঁধার একটি খুটা দিয়ে মোসলেম চৌকিদারের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
লোহাগড়ায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ লোহাগড়ার মরিচপাশা গ্রামে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জয়পুর ইউপির মরিচপাশা গ্রামের শামছুর রহমানের বাড়ির পাশে গত রবিবার রাতে জয়পুর গ্রামের হারেজ শেখের ছেলে ছাদিয়ার শেখ(৩৫) ঘোরাফেরা করছিল। এ সময় মরিচপাশা গ্রামের আজম ও শাহিনের নেতৃত্বে ১০/১২ জন লাঠিসোঁটা নিয়ে চোর সন্দেহে ছাদিয়ারকে বেধড়ক পিটিয়ে মরিচপাশা প্রাইমারী স্কুলমাঠে ফেলে রাখে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় নকলে বাধা দেয়ায় শিক্ষক প্রহূত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় নকলে বাধা দেয়ায় এক শিক্ষককে রক্তাক্ত জখম করেছে বখাটে ছাত্ররা। গত সোমবার দুপুরে শহরের সরকারি মহিলা কলেজ গেটে এ ঘটনা ঘটে। জানা যায় গতকল সোমবার এইচএসসি’র ফিজিক্স পরীক্ষায় সময়। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ৩০২ নং কক্ষে দায়িত্ব পালন করেন বিজয়নগর ইসলামপুর কাজী শফিকুল ইসলাম কলেজের শিক্ষক আব্দুস সহিদ সরকার। পরীক্ষা চলাকালে এ কক্ষে থাকা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্ররা নকল করতে চাইলে উক্ত শিক্ষক তাদের বাধা দেন। পরীক্ষা শেষে আব্দুস সহিদ কলেজ গেট থেকে বের হলে ঐ রুমের পরীক্ষার্থীরা তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
বরগুনায় যৌন হয়রানির অভিযোগে কারাদণ্ড
বরগুনা (উত্তর) প্রতিনিধি \ স্কুলছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে গত সোমবার বরগুনার উরবুনিয়া গ্রামের সাগর মুন্সী নামের এক বখাটেকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপরদিকে গাঁজা বিক্রি ও সেবনের অভিযোগে বরগুনার কড়ইতলা গ্রামের আবদুস সত্তার নামের একজনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার সকালে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালতে তাদের এ দণ্ডাদেশ প্রদান করেছেন।
ইসলামপুরে কৃষি ব্যাংক কর্মকর্তার সাফল্য
ইসলামপুর(জামালপুর) সংবাদদাতা \ ইসলামপুর উপজেলার কৃষি ব্যাংক শাখার এক কর্মকর্তা স্থানীয় কৃষকদের সেবার মান বাড়িয়ে ঋণ পরিশোধে উদ্বুদ্ধকরণে সাফল্য অর্জন করেছেন। শাখা ব্যবস্থাপক বাবু প্রদ্যুত্ নারায়ণ দাস ধন্যবাদ জ্ঞাপন করে জানান, বৃহস্পতিবার ১৪২০ সালের দিনব্যাপী হালখাতা অনুষ্ঠানে ৫০ লক্ষাধিক টাকা সিসি লোন আদায় হয়। এতে পুরাতন ঋণ পরিশোধে নতুন ঋণ গ্রহণে, মাঠ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শফি অন্যান্য মাঠ কর্মকর্তার মধ্যে সর্বাধিক কৃষিঋণ আদায় করে ১ম স্থান অধিকার করেন।
কিশোরগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমাবেশ
কিশোরগঞ্জ প্রতিনিধি \ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে গত সোমবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে সরকারের গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নসহ ২ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি মোঃ ছাইদুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান, পীষূষ কান্তি সরকার প্রমুখ।
মনোহরদীতে নারীর প্রতি সহিংসতা রোধে কর্মশালা
মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা\ সম্প্রতি মনোহরদী উপজেলায় জাতিসংঘের উদ্যোগে ব্র্যাকের সহযোগিতায় উপজেলা অডিটরিয়ামে নারীর প্রতি সহিংসতা রোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য উপজেলার ১২টি ইউনিয়নের নির্বাচিত মহিলা সদস্যসহ বিভিন্ন পেশার লোকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন ব্র্যাকের জেলা কর্মকর্তা সামসুন্নাহার বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম মোস্তফা।
মনোহরগঞ্জে সোনালী ব্যাংকে ট্রেজারি উদ্বোধন
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা\ গত সোমবার কুমিল্লার মনোহরগঞ্জে সোনালী ব্যাংকে ট্রেজারি শাখার উদ্বোধন করা হয়। মনোহরগঞ্জ সোনালী ব্যাংক কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ট্রেজারি শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. হাসান ইকবাল, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জহিরুল ইসলাম, যমুনা ব্যাংক ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল আলম, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহেদুর রহমান।
গাজীপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গাজীপুর প্রতিনিধি \ পূবাইল মীরেরবাজারে দৌড়ের অবকাশে চিল্ড্রেন এন্ড উইমেন ভিশনের উদ্যোগে সোমবার দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূল আকর্ষণ ছিল গ্রামীণ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কবি ও সাংবাদিক গুলশান-ই-ইয়াসমীন।
পঞ্চগড়ে পরিবহন শ্রমিকদের মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি \ হরতালের নামে গাড়ি পোড়ানো, শ্রমিক হত্যাসহ পরিবহন শ্রমিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মোটর পরিবহন শ্রমিকরা। জাতীয় শ্রমিক ফেডারেশনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধাক্কামারা গোলচক্কর এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে রেজি নং- ২৬৪-এর মোটর পরিবহন শ্রমিরা।
রাণিনগরে আশার উঠান বৈঠক
রাণিনগর (নওগাঁ) সংবাদদাতা \ গত সোমবার সকাল ১০টায় নওগাঁর রাণীনগরে বেসরকারি সংস্থা আশার আঞ্চলিক শাখার উদ্যোগে ৭টি ব্রাঞ্চের সকল গ্রামে একযোগে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার বিষয়ক এক স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। পায়খানা থেকে ফেরার পর শিশুদের মল পরিষ্কার করার পরে ও খাবার পরিবেশনের আগে সাবান দিয়ে হাত ধোয়া ইত্যাদি বিষয়ে আশার মহিলা সদস্যসহ শতাধিক মহিলার মাঝে সচেতনতা বাড়ানো বিষয়ে আলোচনা করা হয়।
কাপাসিয়ায় মত্স্য প্রাণী ও কৃষিমেলা শুরু
কাপাসিয়া সংবাদদাতা \ গাজীপুরের কাপাসিয়ায় ৩ দিনব্যাপী মত্স্য, প্রাণিসম্পদ ও কৃষি প্রযুক্তি মেলা-২০১৩ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। মেলায় ১৪টি স্টল স্থান পেয়েছে। জানা যায়, স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি গতকাল সকালে মত্স্য, প্রাণিসম্পদ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অখিল চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাজী জাহাঙ্গীর কবির।
মনোহরগঞ্জে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চিকিত্সা শিবির
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার মনোহরগঞ্জে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার দেড় হাজার দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিত্সাসেবা দেয়া হয়েছে। উপজেলার পোমগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এ চিকিত্সা শিবিরের আয়োজন করে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চিকিত্সা শিবিরের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. তাজুল ইসলাম।
মিঠাপুকুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি বসতবাড়ি পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার ভোরে উপজেলার ভাংনী ইউনিয়নের করিমপুর গ্রামের আব্দুল করিম ও বিধবা শ্যামলীর বাড়িতে আগুন লেগে ওই বাড়িসহ আশেপাশের ৭টি ঘর এবং ঘরে রক্ষিত স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্রসহ ঘরের মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ২টি গরু, ৪টি ছাগল ও অনেক হাঁস-মুরগি পুড়ে মারা যায়।
উল্লাপাড়ায় গৃহবধূ খুন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ যৌতুকের কারণে উল্লাপাড়ায় এক গৃহবধূ খুন হয়েছে। গত সোমবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিনায়েকপুর গ্রামে স্বামী ফরিদ মিয়া যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূ দুই সন্তানের জননী রিনা খাতুনকে (২৫) পিটিয়ে হত্যা করে। পরে ঘটনা ধামাচাপা দেয়ার জন্য লাশের গলায় দড়ি লাগিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে দিয়ে হত্যাকারীর স্বামীসহ বাড়ির লোকজন পালিয়ে যায়। এ ব্যাপারে রিনার মামা সোবাহান মোল্লা বাদী হয়ে উল্লাপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সাঘাটায় দুই শতাধিক নেতাকর্মী ছাত্রদলে
সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা\ গত সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলার ৭ নং হলদিয়া ইউনিয়নের চর কুমারপাড়া বে:স:রেজি: প্রাথমিক বিদ্যালয় মাঠে চরাঞ্চলের প্রায় দুই শতাধিক নেতাকর্মী জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেয়। জানা যায়, উপজেলার ৩ নং সাঘাটা সদর ইউনিয়নের হাটবাড়ি, যমুনাবাজার ও ৭ নং হলদিয়া কুমারপাড়া, দীঘলকান্দী, সিপি গাড়ামারা, পাতিলবাড়িসহ বৃহত্তর চরাঞ্চলের কলেজ পড়ুয়া ছাত্রদের সমন্বয়ে চর কুমারপাড়ায় গত বছর গড়ে তোলে একটি সামাজিক সংগঠন। সংগঠনের নাম রাখা হয় “চর ডায়মন্ড ক্লাব”। ওই ক্লাবের উদ্যোগে ইউপি সদস্য আ. মজিদ মোল্লার সভাপতিত্বে বাংলা বর্ষবরণ ও ছাত্রদলে যোগদান অনুষ্ঠিত হয়।
