মাদকের অভিযোগ থেকে মুক্ত বিজেন্দার সিং

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২১:০৭
হেরোইন সেবনের অভিযোগ থেকে রেহাই পেলেন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় বক্সার বিজেন্দার সিং। পুলিশ হেরোইন সেবনের অভিযোগ আনার পর ভারতের ক্রীড়া মন্ত্রণালয় তা পরীক্ষার পর মঙ্গলবার সিংকে মুক্তি দেয়। তবে পুলিশ তার বিরুদ্ধে তদন্ত শেষ না করায় আসন্ন সাইপ্রাস ও কিউবা টুর্নামেন্টে ভারতীয় দলে সুযোগ পাচ্ছে না ২০০৮ বেইজিং গেমসে পদক পাওয়া সিং। পরীক্ষার জন্য চলতি মাসের প্রথম দিকে ন্যাশনাল এন্টি ডোপিং এজেন্সিতে (নাডা) রক্ত ও প্রস্রাবের নমুনা দেন ২৭ বছর বয়সী সিং। পরীক্ষার ফলে দেখা গেছে সিং এবং অন্য চারজনের মধ্যে কারো শরীরেই হেরোইনের অস্তিত্ব পাওয়া যায়নি। ক্রীড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘প্রস্রাব ও রক্ত পরীক্ষা করা হয়েছে। তাতে হেরোইনের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। মন্ত্রণালয় অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, চার বক্সারের কারো শরীরেই নিকট অতীতে হেরোইন সেবনের প্রমাণ পাওয়া যায়নি।’—বাসস