ফার্স্ট পারসন শ্যুটার গেম হিসেবে বেশ জনপ্রিয় একটি গেম ‘ব্রিংক’। স্প্ল্যাশ ড্যামেজ-এর তৈরি এই গেমটিতে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় গেম ইঞ্জিন আইডি টেক ৪ বা ডুম ৩ ইঞ্জিন। এই গেমে গেমারের অবস্থান এবং কাজের উপর নির্ভর করে ‘কমপ্লেক্স এনভায়রনমেন্ট’ এ নিয়ন্ত্রণ করা যায় অনেক সহজেই।
গেমটির উপস্থিতি একটি কাল্পনিক নগরী ‘দ্য আর্ক’ এ। পানিতে নিমজ্জিত পৃথিবীতে এটি একটি ভাসমান শহর। গেমটিতে রয়েছে চার ধরনের চরিত্র—যোদ্ধা, চিকিত্সক, প্রকৌশলী এবং গোয়েন্দা। এখানে যোদ্ধার মূল কাজ হচ্ছে তার দলের সদস্যদের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ এবং বিস্ফোরকের সাহায্যে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনা আক্রমণ করে ধ্বংস করা। প্রকৌশলীর দায়িত্বে রয়েছে দলের জন্য অস্ত্র এবং অন্যান্য যন্ত্রপাতি তৈরি করা। সদস্যদের যারা বিভিন্ন মিশনে আহত হয়েছে তাদের সেবার মাধ্যমে সুস্থ করে তোলার দায়িত্ব রয়েছে চিকিত্সকের উপর। আর গোয়েন্দার কাজের মধ্যে রয়েছে প্রতিপক্ষের সৈন্যদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে শত্রুপক্ষের অবস্থান বের করা, বিভিন্ন স্যাবেট্যাজ করা এবং ছদ্মবেশের মাধ্যমে শত্রুপক্ষের সাথে মিশে গিয়ে তাদের নানান তথ্য উদ্ধার করা। এখানে গেমার তার পছন্দমতো চরিত্রগুলো কাস্টমাইজড করতে পারে এবং খেলা এগোনোর সাথে অভিজ্ঞতার পয়েন্টের উপর ভিত্তি করে নতুন নতুন যন্ত্রপাতি কিনতে পারবে। বিভিন্ন ধরনের চরিত্রের সমন্বয় করেই খেলতে হবে এই গেম। ফলে শুটিং দক্ষতার পাশাপাশি গেমারকে আলাদা আলাদা চরিত্রের জন্য আলাদা আলাদা দক্ষতা অর্জন করতে হবে।
এই গেমের প্রতিটি চরিত্রের জন্য রয়েছে বিভিন্ন মিশন। প্রতিটি মিশনের জন্য রয়েছে পয়েন্ট। নির্দিষ্ট সময়ের মধ্যেই মিশন সফল করতে হবে গেমারকে। অফলাইনে খেলার পাশাপাশি গেমটি খেলার সুযোগ রয়েছে অনলাইনেও। আর সেক্ষেত্রে মাল্টিপ্লেয়ার মুডেও গেমটি খেলা যাবে। অনলাইনে একসাথে ১৬ জন পর্যন্ত খেলা যাবে এই গেম। সেক্ষেত্রে তারা সকলে একটি টিম মেম্বার হিসেবে অথবা আলাদা আলাদা টিমেও খেলতে পারবে এই গেম। গেমটি উইন্ডোজ পিসির মতো প্লে-স্টেশন ও এক্সবক্স ৩৬০-এর জন্যও তৈরি হয়েছে।
