গাজীপুরের শ্রীপুর উপজেলার শিমলাপাড়া বাজারে বৈশাখী মেলায় অশ্লীল নৃত্যের দায়ে গ্রেফতারকৃত ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজ হায়দার ভূইয়া অভিযান চালিয়ে রুবি, সুমি, রিতা, প্রিয়াংকা, রিংকি মনি, পারুল, আবুল কালাম ও আমির হোসেনকে আটক করে। জানা যায়, শিমলাপাড়া এলাকায় বৈশাখী মেলার নামে গত দু’দিন যাবত্ চলছিল জুয়া আর অশ্লীল নৃত্যের রমরমা ব্যবসা। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে ওই ৮ জনকে আটক করে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ জনকে ৩০ দিন এবং অপর ৩ জনকে ২ মাস ১৫ দিন করে সাজা প্রদান করা হয়।
