ভৈরবে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ১৫

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২১:৪৬
ভৈরবে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে পাওনা টাকাকে কেন্দ্র করে পৌর শহরের পলতাকান্দা ও চন্ডিবের এলাকায় দু’দল গ্রামবাসীর ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে ওসিসহ ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯ রাউন্ড শর্টগানের গুলিবর্ষণ করেছে। পরে র্যাব-৯ ভৈরব ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী ও পুলিশ জানায়, জুম্মান নামের এক যুবক, পলতাকান্দা মত্স্য আড়তের ছিদ্দিক মিয়ার কাছে ঘটনার আগের দিন পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার রাতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ভৈরব থানার ওসি সরাফত উল্লাহ, নৌ-ফাঁড়ির আইসি ও কনস্টেবল হারুনসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়। আহতরা গ্রেফতার আতঙ্কে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে গোপনে চিকিত্সা নিয়েছে বলে জানা যায়। পৌর কাউন্সিলর মাহিন সিদ্দিকী জানান, এ ঘটনা এলাকায় মীমাংসার জন্য সালিশ বৈঠকের চেষ্টা করি। কিন্তু ছিদ্দিক মিয়া ও তার লোকজন সালিশ বৈঠকে বসতে রাজি হয়নি। এ ব্যাপারে ভৈরব থানায় আমি একটি অভিযোগ দাখিল করি। কিন্তু পুলিশ ব্যবস্থা না নেয়ায় ছিদ্দিক মিয়ার লোকজন পুনরায় হামলা চালায়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।