ডুমুরিয়ায় রাস্তার আগুনে ছাত্রের মৃত্যু

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২১:৪৬
ডুমুরিয়ায় এক ঠিকাদারের পীচ জ্বালানো আগুনে পুড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচির আওতায় খুলনার নির্বাহী প্রকৌশল দপ্তর থেকে শেখ বকতিয়ারউদ্দিন নামক ঠিকাদারী প্রতিষ্ঠানটি ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী জিসি হইতে বারোআড়িয়া জিসি সড়ক কার্পেটিং মেরামতের কাজ নেয়। কার্পেটিংয়ের কাজে ব্যবহূত পীচ জ্বালানোর জন্য নোয়াকাঠী মাঠেরহাটের বে-সরকারি (বর্তমান সরকারি) প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চুলা খুঁচে পীচ জ্বালানোর কাজ শুরু করেন। গত মঙ্গলবার সকালে বিদ্যালয়ে এসে প্রথম শ্রেণীর ছাত্র সাকিবুর রহমান (৬) সহপাঠীদের সাথে খেলার একপর্যায়ে চুলা থেকে ফেলে দেয়া আগুনে পুড়ে যায়। তাকে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিত্সার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার মৃত্যু হয়। সে বাদগাড়ী গ্রামের কবির হোসেনের একমাত্র ছেলে।