নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে ছিনতাইকারী ও পুলিশের গুলি বিনিময়কালে পুলিশসহ ৩জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ দুই ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করেছে। জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১২টায় শ্যামপুর থানার আরশিন গেট এলাকায় একটি প্রাইভেটকার নিয়ে ছিনতাইকারীরা অপেক্ষা করছিল। এ সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে কৌশলে প্রাইভেটকারযোগে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শ্যামপুর থানার এসআই হেলালউদ্দিন টহল পুলিশের পিকআপ ভ্যান নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে। ডেমরা-তারাব সুলতানা কামাল সেতু এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও ছিনতাইকারীদের পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে ছিনতাইকারী আব্দুল হালিম (২৭) ও জিল্লুর রহমান ওরফে জাকির (২৪) নামের দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। ছিনতাইকারীদের ছোঁড়া পিস্তলের গুলিতে গুরুতর আহত হন শ্যামপুর থানার এসআই হেলালউদ্দিন। ছিনতাইকারীদের ব্যবহূত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-১৯-৯৯০৯) আটক করা হয়েছে। এ সময় প্রাইভেটকার থেকে তিনটি হাতবোমা ও দুটি ছুরি উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার ওসি মঈনুর রহমান খান জানান, এ ব্যাপারে শ্যামপুর থানার ওসি আব্দুর রশিদ বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। গতকাল ঢাকা মেডিক্যালে চিকিত্সাধীন পুলিশ সদস্যেদের দেখতে গিয়েছিলেন আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও ডিএমপি কমিশনার বেনজির আহমেদ।
