রাত জেগে চলছে কবর পাহারা

মধুখালীর কবর থেকে চুরি হচ্ছে কঙ্কাল

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২১:৪৮
মধুখালীতে কবর খুঁড়ে লাশ চুরির হিড়িক পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন কবরস্থান ও গোরস্থান এলাকায় সম্প্রতি দাফনকৃত লাশের পাহারার ব্যবস্থা করার প্রস্তুতি চলছে। খোঁজ নিয়ে জানা যায়, সোমবার গভীর রাতে উপজেলার বেলেশ্বর কেন্দ্রীয় কবরস্থান হতে চারটি কবর খুঁড়ে দুইটি লাশের কঙ্কাল নিয়ে যায় এবং দুইটি লাশের কঙ্কাল ফেলে রেখে যায়। এলাকাবাসী ঘটনাটি জানার পর ফেলে যাওয়া কঙ্কালগুলো পুনরায় মাটিচাপা দেয়। গত ১০ এপ্রিল উপজেলার মেগচামী গ্রামের খানবাড়ী গোরস্থান হতে দুটি কঙ্কাল তুলে দুই বছর আগে মারা যাওয়া আকরাম খানের কঙ্কাল নিয়ে যায় এবং কিছুদিন পূর্বে মারা যাওয়া সম্রাট মাসুমের লাশের কঙ্কাল ফেলে রেখে যায়। এ ঘটনায় এলাকায় ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন গোরস্থানে সন্ধ্যার পর স্বজনরা কবরস্থান এলাকায় নজর রাখতে শুরু করেছে। মধুখালী কেন্দ্রীয় গোরস্থানের সেক্রেটারী আলম বিশ্বাস জানান, চলতি মাসের প্রথম দিকে বৈকণ্ঠপুরস্থ কবরস্থান থেকে দুটি লাশ উত্তোলন করে কঙ্কাল নিয়ে যায়। এক মাসের ব্যবধানে এতগুলো ঘটনা ঘটলেও প্রশাসনের হাতে গ্রেফতার হয়নি কঙ্কাল চুরি চক্রের ওইসব হোতারা। কবরস্থানে দাফনকৃত লাশ নিয়ে চিন্তিত স্বজনরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এক ধরনের আতংক বিরাজ করছে। মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ না পাওয়ায় এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়া হয়নি। এখন থেকে এলাকার কবরস্থানগুলোতে নজর রাখা হবে।