গত মঙ্গলবার উজিরপুর উপজেলা আলিম মাদ্রাসা মাঠে ইমাম সমাবেশে উজিরপুর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসা, স্কুল ও কলেজের ইসলাম শিক্ষকসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেয়। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমপি মনি’র পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ ড. রিয়াজুল ইসলাম সুমন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উজিরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, শেরেবাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম রসুল, ডব্লিউ বি, ইউনিয়ন ইনস্টিটিউশন প্রধান শিক্ষক আব্দুল হালিম মিয়া, কদমতলা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাকিম, প্রভাষক মাওলানা মো. ইউসুফ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ নুরুল হক আজাহারী।
ইমাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম মনি বলেন, চিহ্নিত একটি কুচক্রি মহল ইসলামের অপব্যাখ্যা করে অসাম্প্র্রদায়িক বাংলাদেশে সামপ্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। সামপ্রদায়িক ওই চক্রটি ইতিমধ্যে বগুড়া, ফটিকছড়ি, সিলেট, চট্টগ্রাম, সাতক্ষীরা ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে উস্কানি দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের ভুল বুঝিয়ে শতাধিক মানুষের প্রাণহানি ও দেশের কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট করিয়েছে। তারা এ ধ্বংসাত্মক কাজে মসজিদের মাইক পর্যন্ত ব্যবহার করছে।
