প্রেসার কুকারে শক্তিশালী বোমা তৈরি করে তা ব্যাগের মধ্যে রেখে বোস্টন ম্যারাথনে বিস্ফোরণ ঘটানো হয় বলে তদন্তকারীরা ধারণা করছেন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের যৌথ বুলেটিনের আলোকচিত্রে দেখা যায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা বস্তুর মধ্যে একটি কালো রঙের ব্যাগ ও প্রেসার কুকারের ধ্বংসাবশেষ রয়েছে।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও বিবিসির।
সোমবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের রাজধানী বস্টনের বয়েলস্টন স্ট্রিটে দৌড় প্রতিযোগিতার ‘ফিনিশিং লাইনের’ কাছাকাছি পর পর দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে এক শিশুসহ তিনজন। আহত হন অন্তত ১৭৬ জন, যাদের মধ্যে অনেক দৌড়বিদ রয়েছেন। আহত ১৭ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে চিকিত্সকরা জানিয়েছেন।
নিহতদের শেষকৃত্যে অংশ নিতে বৃহস্পতিবার বোস্টনে যাওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার। মঙ্গলবার এই বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ বলে মন্তব্য করেছেন তিনি। হামলার পর রাজধানী ওয়াশিংটন, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের সব বড় শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে চিঠি আদান-প্রদান বন্ধ করা হয়েছে। মিসিসিপির রিপাবলিকান সিনেটর রজার উইকির কাছে আসা একটি চিঠির খামে বিষাক্ত উপাদান ধরা পড়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে তারা। বোস্টন বোমা হামলা তদন্তের দায়িত্বে থাকা এফবিআইয়ের স্পেশাল এজেন্ট রিচার্ড ডেসলরিয়ার্স মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, বিস্ফোরণস্থল থেকে নাইলনের টুকরো, বল বেয়ারিং ও পেরেকের ক্ষুদ্র অংশ উদ্ধার করা হয়েছে। সেগুলো প্রেসার কুকারের ভিতরের বিস্ফোরকে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার করা এসব উপাদান পরীক্ষা-নিরীক্ষার জন্য ভার্জিনিয়ার কুয়ানটিকোয় এফবিআইয়ের গবেষণাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
