ব্রাজিলকে ফিফার হুঁশিয়ারি

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২২:০২
ফুটবলের বিশ্ব সংস্থা ফিফা ব্রাজিলের বিশ্বকাপ সংগঠকদের হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে কনফেডারেশন কাপের জন্য স্টেডিয়ামের প্রস্তুতিতে আরো বিলম্ব হলে তা আর ‘সহ্য’ করা হবে না। খারাপা আবহাওয়ার কারণে ব্রাসিলিয়ার এস্তাদিও ন্যাচিওনাল প্রস্তুত করে তুলতে বিলম্ব হওয়ায় এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিল ফিফা। কনফেডারেশন কাপ জুনে ব্রাজিলেই অনুষ্ঠিত হওয়ার কথা। সেই হিসেবে ১৮ মে ছিল স্টেডিয়ামটি প্রস্তুত করে তোলার শেষ সময়। কিন্তু আবহাওয়ার কারণে বিশেষ করে ব্রাসিলিয়ার ভারী বৃষ্টিপাতের জন্য স্থানীয় কর্তৃপক্ষ দাবি করে এই বিলম্ব ঘটে। ফিফা অবশ্য এর মধ্যে নতুন করে স্টেডিয়ামটি পরিদর্শন করবে বলে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়-‘ফিফা ও এলওসি আরো একবারের জন্য একমত হচ্ছে যে ব্রাসিলিয়ায় ভারী বৃষ্টিপাতের মতো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বড় একটা নির্মাণ কাজে এমন সমস্যা দেখা দেয়। তারপরও অবশ্যই যথেষ্ঠ সময় হাতে রেখে স্টেডিয়াম প্রস্তুত করে তুলতে হবে। তবে এ ধরনের বিলম্ব বিশ্বকাপের স্টেডিয়ামের ক্ষেত্রে সহ্য করা হবে না।’ ফিফার এরপরও হুঁশিয়ারি দিয়ে বলে যে বিশ্বকাপে অনেক বেশি স্বাগতিক শহর, অনেক দল, বিপুল সমর্থক, খেলা, সাংবাদিক ও টেলিভিশন দর্শকের সম্পৃক্ততার কারণে ২০১৪ সালে কোন বিলম্ব সহ্য করা হবে না। ওই বিবৃতিতে আরো বলা হয়-‘এর মানে হলো ফিফা কনফেডারেশন কাপের সময়সীমার ক্ষেত্রে যা ঘটছে তা ফিফা বিশ্বকাপের ক্ষেত্রে একই রকম হবে না। কাজেই বিশ্বকাপের জন্য নির্ধারিত সবগুলো স্টেডিয়াম ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে হস্তান্তর করতে হবে। ফিফা এ ক্ষেত্রে কোন আপোষ করবে না।’ কনফেডারেশন কাপের ক্ষেত্রেও ফিফা চেয়েছিল গেল ডিসেম্বরের মধ্যে যেন স্টেডিয়ামগুলো প্রস্তুত করে হস্তান্তরিত হয়। কিন্তু বেশ কটি ভেন্যু নিয়েই বিলম্ব হয়। এর মধ্যে আছে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামটিও যাতে ৩০ জুন অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল। পরবর্তীতে স্থানীয় সংগঠকরা (এলওসি) ১৫ এপ্রিলকে সর্বশেষ সময়সীমা হিসেবে ঠিক করেন। কিন্তু এই সময়সীমার মধ্যে কেবল তিনটি সমাপ্ত হয়।