তলাবিহীন ঝুড়ি থেকে খাদ্যে স্বনির্ভরের রহস্য খুঁজে পেলেন মজীনা

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২২:৪৩
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশ কিভাবে অতীতের তলাবিহীন ঝুড়ি থেকে খাদ্য উত্পাদনে স্বনির্ভর হলো এ রহস্যের উত্তর তিনি খুঁজে পেয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনে এসে। ব্রির উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল ধানের জাতসহ লাগসই প্রযুক্তির উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি বলেন, এ প্রতিষ্ঠানের কল্যাণেই গত চার দশকে চাল উত্পাদন তিনগুণ বাড়িয়ে দেশটি এখন এ অঞ্চলে আর্থ-সামাজিক ক্ষেত্রে সফলতার বিরল দৃষ্টান্ত হিসেবে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। প্রেসিডেন্ট ওবামার দৃষ্টিতে সফল উন্নয়নশীল দেশের তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। মার্কিন রাষ্ট্রদূত গতকাল বুধবার সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে ব্রি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জমসের আহাম্মদ খন্দকার এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) বাংলাদেশ প্রতিনিধি ড. টিমথি ডেভিড রাসেল। পরে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা সাম্প্রতিক গবেষণা ও উন্নয়ন বিষয়ে ব্রির বিজ্ঞানী ও কর্মকর্তাদের সঙ্গে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ ব্রির ১৮টি গবেষণা বিভাগের প্রধান, ঊর্ধ্বতন বিজ্ঞানী ও কর্মকর্তাগণ যোগ দেন।