ইফতার ও সেহেরির মেনুতে যা রাখবেন

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:৩৪

পবিত্র রমজানে ইফতার ও রাতের খাবার অনেক ক্ষেত্রে স্বাস্থ্যকর হয় না। যারা ইফতারের সময় নানা আইটেমের সঙ্গে ভাত, বিরিয়ানি, মাংস, পরোটা ইত্যাদি রাখেন তাদের ইফতার ও রাতের খাবার একসঙ্গে হয়ে যায়। এ ক্ষেত্রে আর আলাদা করে রাতের খাবারের প্রয়োজন নেই। একবারে সেহেরির খাবার আহার করলেই চলে। তবে যারা রাতে তারাবি পড়ে ডিনার বা রাতের খাবার খেতে চান তাদের ইফতারির জন্য হালকা খাবার খাওয়া ভালো। মনে রাখতে হবে খাবার গ্রহণের পর ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগে সম্পূর্ণ হজম ও শরীরে শোষণের জন্য। যদি ইফতার ও রাতের ডিনার আলাদা করে করেন তবে অবশ্যই রাতের খাবার রাত ১০টার মধ্যে সেরে নিতে হবে। তা না হলে সেহেরির খাবারের সময় সমস্যা হতে পারে। সমস্যা হতে পারে ডাইজেশনের।

আর রাতের খাবার ও সেহেরির সময় এমনভাবে আহার করবেন যাতে আহারের দুভাগ খাবার এবং একভাগ পানি থাকে। এটা ইসলামিকভাবেও স্বাস্থ্যকর এবং মহানবী (স)-এর সুন্নত। বিশেষজ্ঞগণও দেখেছেন আহারের সময় যথেষ্ট পানি পান স্বাস্থ্যকর। আর সেহেরির সময় আহারের ক্ষেত্রে প্রোটিন বা আমিষ এবং যথেষ্ট পরিমাণ ফাইবার বা আশ জাতীয় খাবার আহার করা ভালো। প্রোটিন যেমন মাছ, মাংস, ডিম এবং আশজাতীয় খাবার হজম হতে বিলম্ব হয়। তাই সেহেরির জন্য এধরনের খাবার আহার করা উচিত। আশজাতীয় খাবারের মধ্যে সজনা, ঝিঙ্গা, বরবটি, ঢেঁড়শ, কাকরোল, শাক ইত্যাদি রাখতে পারেন। আর যাদের ডায়াবেটিস আছে তাদের সেহেরির সময় শর্করা জাতীয় খাবার কম খাওয়া উচিত।

লেখক: চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ