হার্ডওয়্যারে আসছে এভারনোট!

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ১৯:২৫
অনলাইনে নোট নেওয়ার অ্যাপ্লিকেশন হিসেবে এভারনোটকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ওয়েব সংস্করণ ছাড়াও এর ট্যাবলেট পিসি এবং স্মার্টফোনের জন্য রয়েছে অ্যাপ্লিকেশন। গুগল’র ক্রোম ওয়েব ব্রাউজারের জন্যও রয়েছে আলাদা এক্সটেনশন। সব ধরনের প্ল্যাটফর্ম মিলিয়ে এভারনোটের ব্যবহারকারীর সংখ্যা নেহায়েত কম নয়। তবে অ্যাপ্লিকেশনের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকতে আর রাজি নয় এভারনোট। এবারে হার্ডওয়্যারের দিকে মনোযোগ দিয়েছে তারা। খুব শীঘ্রই হার্ডওয়্যারের বাজারে প্রবেশ করতে যাচ্ছে তারা। এমনটিই জানিয়েছেন এভারনোটের সিইও ফিল লিবিন। শুরুতে পার্টনার একটি প্রতিষ্ঠানের সাথে এই হার্ডওয়্যার নিয়ে আসছে তারা। এর ডিজাইনের কাজটি মূলত করেছে এভারনোট। তবে আগামী বছর পাঁচেকের মধ্যে একেবারেই নিজেদের তৈরি হার্ডওয়্যার নিয়ে আসার বিষয়ে আশাবাদী তারা। মুশকিল হচ্ছে, এভারনোটের হার্ডওয়্যারটি ঠিক কেমন হবে, সে সম্পর্কে কোনো ধারণাই দেননি লিবিন। ফলে প্রযুক্তি বিশ্বে এ নিয়ে চলছে গুজবের ছড়াছড়ি। স্মার্টফোন, ট্যাবলেট পিসি থেকে শুরু করে কোনোকিছুই বাদ পড়ছে না এই গুজব থেকে।