পোশাকেই চার্জ হবে ফোন!

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ১৯:২৬
ফ্যাশনের জন্য কত ধরনের পোশাকই না তৈরি করে থাকেন ডিজাইনাররা। তবে পোশাক নিয়ে বিজ্ঞানীদের আগ্রহেরও কমতি নেই। আর তাদের গবেষণাতেই এবারে এমন এক ধরনের পোশাক তৈরি হয়েছে, যেটা কি না পরিধানকারীর শারীরিক নড়াচড়ার উপর ভিত্তি করে রং বদলে দিতে পারে নিজে নিজেই। শুধু তাই নয়, এটি দিয়ে মোবাইল চার্জের কাজটিও করা যাবে। গবেষক দল এই পোশাকের নাম দিয়েছেন ‘কারমা চ্যামেলিয়ন’। কানাডার মন্ট্রিলের কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক দল এই পোশাক তৈরি করেছেন। গবেষক দলের অন্যতম একজন সদস্য কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ডিজাইন ও কম্পিউটেশন আর্ট বিভাগের অধ্যাপক জোয়ানা বারজোস্কা এই পোশাক সম্পর্কে বলেন, ‘এই পোশাকগুলো হয়ত খুব শীঘ্রই সকলের জন্য আমরা বাজারে নিয়ে আসতে পারব না। তবে এর প্রোটোটাইপ ইতোমধ্যেই তৈরি হয়েছে এবং এগুলো তৈরি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’