মৌলভীবাজারে এইচএসসির খাতা গায়েবের ঘটনায় জিডি

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২০:৫৩
মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ উপকেন্দে এক এইচএসসি পরীক্ষার্থীর উত্তরপত্র গায়েবের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ শনিবার থানায় জিডি করেছে। অধিকাংশ অভিভাবক এই ঘটনার জন্য মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ পরীক্ষা পরিচালনা কর্তৃপক্ষের গাফিলতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। সনজিব সিংহ নামক এই মেধাবী শিক্ষার্থী এই ঘটনার ভিকটিম হয়। প্রকাশ, সনজীব সিংহ ১৫ এপ্রিল মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের ১ম ফ্লোরের ২৪নং কক্ষে পদার্থ বিজ্ঞান ২য় পত্রের পরীক্ষা দিয়ে কমলগঞ্জ উপজেলার গ্রামে বাড়িতে যায়। পরবর্তীতে কলেজ থেকে মোবাইলে ডেকে তাকে কলেজে নিয়ে আসা হয় এবং উত্তরপত্র না পাওয়ার বিষয়টি অবগত করা হয়। সনজিব জানায়, এক পর্যায়ে কলেজ কর্তৃপক্ষ তাকে পুলিশী ভয় দেখিয়ে প্রবেশপত্র রেখে তাকে বিদায় করে দেন। পরে গত ১৬ এপ্রিল মহিলা কলেজ থেকে সনজিব প্রবেশপত্র সংগ্রহ করে। মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান উত্তরপত্র না পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, এটা দুঃখজনক। এ ধরনের ঘটনা আমার চাকরি জীবনে ঘটেনি। মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষা উপকেন্দ কমিটির আহ্বায়ক প্রভাষক সাহানা বেগম পরীক্ষার উত্তরপত্র গণনার সময় একটি খাতা কম পাওয়ার কথা স্বীকার করেন। উল্লেখ, উত্তরপত্র হারানোর অভিনব ঘটনায় সনজিব এখন দিশেহারা।